২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ি কয়লা খনি নিয়ে এশিয়া এনার্জির ২ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প পেশ

যুক্তরাজ্য ভিত্তিক এশিয়া এনার্জি পিএলসি’র সাবসিডিয়ারি এশিয়া এনার্জি (বাংলাদেশ) প্রা. লি. রোববার ফুলবাড়ি কয়লা খনি প্রকল্প নিয়ে দুই বিলিয়ন ডলারের একটি সম্ভাব্যতা জরিপ ও উন্নয়ন পরিকল্পনা জমা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এই প্রকল্প থেকে ৩০ বছরে কোম্পানি ও বাংলাদেশ সাত বিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারবে বলে আশা করা হচ্ছে।

কোনও বিনিয়োগ ছাড়াই বাংলাদেশ সরকার রয়্যালটি, করপোরেট ও অন্যান্য কর এবং সার্ভিস চার্জ হিসেবে এই টাকা আয় করবে। অন্যদিকে, এশিয়া এনার্জি এই খাতে মূলধন মেশিনারিতে দুই বিলিয়ন এবং কয়লা উত্তোলনের কাজে অতিরিক্ত আরও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

পরিকল্পনা পেশ করার পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে এশিয়া এনার্জি (বাংলাদেশ)’র প্রধান নির্বাহী অফিসার গ্যারি লি সাংবাদিকদের বলেন, প্রকল্পের উন্নয়নে নতুন করে চুক্তি করার কোনও প্রয়োজন নেই। অনুসন্ধান চুক্তি অনুযায়ী এ পর্যায়ে অনুমোদনই যথেষ্ট।

গ্যারি লি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিচালকের কাছে সরকার ও কোম্পানির মধ্যে সম্পাদিত চুক্তিসহ প্রকল্পের উন্নয়ন পরিকল্পনা পেশ করেন।

চুক্তিতে সম্মতি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কোনও বাধ্যবাধকতা ছিল কিনা এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, চুক্তিতে বাধ্যবাধকতা না থাকলে কেউই ১৮ বিলিয়ন ডলার ব্যয করবে না।

সেপ্টেম্বরের ১১ তারিখে পরিবেশ অধিদপ্তর পিট খনি খনন সংক্রান্ত কোম্পানির পরিবেশগত প্রভাব যাচাই (ইআইএ) অনুমোদনের পর ৬০০ পৃষ্ঠার উন্নয়ন পরিকল্পনা জমা দেওয়া হয়।

লি বলেন, খনি খননকালে পর্যায়ক্রমে ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হবে এবং এশিয়া এনার্জি তাদের জমি, বাড়ি ও ব্যবসার ক্ষতির জন্য নায্য পাওনা বুঝিয়ে দেওয়ার নিশ্চয়তা দিবে।

তিনি আরও বলেন, প্রতি বছর এই কয়লা খনি থেকে রপ্তানিযোগ্য মেটালার্জিক্যাল ও থারমাল-দুই ধরণের ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা হবে। ৩০ বছরেরও অধিক সময় ধরে এই উত্তেলন কাজ চলবে।

এই প্রকল্প থেকে প্রতি বছর ১২ মিলিয়ন টনেরও বেশি কয়লা রপ্তানি করা হবে। রপ্তানির জন্য প্রথমে রেল পরিবহনে খুলনায় নিয়ে হবে এবং পরে সেখান থেকে ভাসমান বার্জে করে আকরাম পয়েন্টে নিয়ে যাওয়া হবে। আকরাম পয়েন্ট থেকে পরে সমুদ্রগামি জাহাজে এই কয়লা তোলা হবে।

২০০৬ সালের শেষের দিকে খনি খননকাজ শুরু হবে এবং প্রথম কয়লা উত্তেলনের কাজ শুরু হবে ২০০৮ সালে। পূর্ণদ্যমে উত্তোলন শুরু হবে ২০১৩ সালের মধ্যে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে এশিয়া এনার্জি (বাংলাদেশ)’র করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান ব্রায়ান মনি এবং কোম্পানির জিএসএম আনোয়ারুল ইসলাম এবং মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।