২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও টাটার মধ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু

বাংলাদেশে ভারতের বৃহত্তম কোম্পানি টাটা গ্রুপের আড়াই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো ঠিক করতে রোববার সরকারের সঙ্গে তারা তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

যোগাযোগ সচিব শফিকুল ইসলামের সঙ্গে এক বৈঠক শেষে রোববার টাটা সন্সের ব্যবস্থাপনা পরিচালক অ্যালান রসলিং সাংবাদিকদের বলেন, প্রায় দেড় মাস ধরে এ আলোচনা চলতে পারে। আমরা আশা করছি এটিই হবে চূড়ান্ত আলোচনা।

এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, আমরা তৃতীয় পর্যায়ের আলোচনা কেবল শুরু করেছি। এ আলোচনা এক মাসেরও বেশি সময় ধরে চলবে।

এদিকে টাটার মধ্যস্থতাকারী প্রতিনিধিদল ভূমি, শিল্প ও জ্বালানি বিষয়ক বিভিন্ন উপ কমিটির সঙ্গেও বৈঠক করেছে।

বাংলাদেশ পক্ষের একজন মধ্যস্থতাকারী বলেন, এ পর্যায়ের আলোচনায় মূলত ছয়টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এগুলো হচ্ছে, টাটার বিনিয়োগের বাৎসরিক ভর্তুকি, গ্যাসের নিরাপত্তা, গ্যাসের দাম, টাটার প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের শুল্ক, কয়লা খনি এবং ভূমি অধিগ্রহণের উপায়।

বিনিয়োগ বোর্ডের একজন কর্মকর্তা বলেন, এ পর্যায়ের আলোচনা উভয় পক্ষের জন্যই খুব গুরুত্বপূর্ণ। কেননা, এর ওপরই নির্ভর করছে টাটার আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাবের ভাগ্য।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের মধ্যেই আলোচনা শেষ করতে পারব।

ভূমি মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিডিনিউজকে জানায়, ভূমি অধিগ্রহণ বিষয়ে এখনও উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি।

২০০৫ সালের ২০ এপ্রিল টাটা গ্রুপ বিনিয়োগ বোর্ডের কাছে বাংলাদেশে আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগের একটি প্রস্তাব পেশ করে। তাদের এ প্রস্তাবের মধ্যে রয়েছে, চট্টগ্রামে এক মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউরিয়া সার কারখানা স্থাপন, সিরাজগঞ্জে এক হাজার মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং ঈশ্বরদী অথবা ভেড়ামারায় ২ দশমিক ৪ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি ইস্পাত কারখানা স্থাপন।