২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের দরপত্রে সাড়া নেই, হজ্ব ফ্লাইটের জন্যে উড়োজাহাজ ভাড়া নিতে হচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাস লিজ নেয়ার জন্যে দরপত্র আহ্বান করেও সাড়া পায়নি। বিমান সূত্র জানায়, এ অবস্থায় ফ্লাইট শিডিউল রক্ষা করে বিমানকে হজ্ব ফ্লাইট চালাতে হলে শিগগিরই উড়োজাহাজ ভাড়া করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

জানা যায়, বিমানের একটি ডিসি-১০ গত ১ জুলাই চট্টগ্রামে এবং আরেকটি এফ-২৮ গত বছর ৮ অক্টোবর সিলেটে দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ার পর ফ্লাইট শিডিউল রক্ষা করতে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটিকে এখন হিমশিম খেতে হচ্ছে।

উড়োজাহাজ সংকট কাটিয়ে উঠতে বিমান একটি বা দুটি এয়ারবাস ৩১০-৩০০ অথবা এয়ারবাস ৩০০-৬০০ দু’বছরের জন্যে লিজ নেয়ার জন্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। ২১ আগস্ট আহ্বান করা এ দরপত্রে শিডিউল জমা দেওয়ার শেষ সময় ছিলো ৩০ সেপ্টেম্বর। কিন্তু কোনও সংস্থাই বিমানকে উড়োজাহাজ লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ দেখায়নি।

বিমান সূত্র জানায়, এদিকে আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হচ্ছে বিমানের হজ্ব ফ্লাইট। এ বছর প্রায় ৬০ হাজার ব্যালটি ও নন ব্যালটি যাত্রী পবিত্র হজ্ব আদায় করবেন বলে তাদের ধারণা। এর মধ্যে ব্যালটি হাজ্বীর সংখ্যা হবে প্রায় আট হাজার এবং নন ব্যালটি হাজ্বীর সংখ্যা হবে প্রায় ৫২ হাজার। প্রতিবছর বিমান প্রায় অর্ধেক হজ্ব যাত্রী পরিবহন করে। বাদ বাকী হজ্ব যাত্রী পরিবহন করে সৌদিয়া।

গত কয়েক বছর ধরে বিমান নিজস্ব উড়োজাহাজ দিয়েই হজ্ব ফ্লাইট পরিচালনা করে আসছে। কিন্তু লিজে উড়োজাহাজ সংগ্রহ করতে না পারায় এবারই তাদের ফ্লাইট শিডিউল রক্ষা করে হজ্ব ফ্লাইট চালাতে হলে উড়োজাহজ ভাড়া করতে হবে।

বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজকে জানান, হজ্ব ফ্লাইটের জন্যে পুনঃদরপত্র আহ্বান করেও উড়োজাহাজ সংগ্রহ করার পর্যাপ্ত সময় এখন বিমানের হাতে নেই। এ অবস্থায় হজ্ব ফ্লাইটের জন্যে বাধ্য হয়েই বিমানকে উড়োজাহাজ ভাড়া করতে হবে।

তিনি জানান, অবশ্য পুনঃদরপত্র আহ্বান বা উড়োজাহাজ ভাড়া নেয়ার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিমানের উড়োজাহাজ বহরে এখন পাঁচটি ডিসি-১০, চারটি এয়ারবাস এবং তিনটি এফ-২৮ উড়োজাহাজ রয়েছে। বিশ্বের তিনটি মহাদেশের ২৬টি আন্তর্জাতিক এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে বিমান যাত্রী পরিবহন করে।