পিএইচপি গ্রুপের ফ্লোট গ্লাস উৎপাদন, বার্ষিক আমদানি খরচ কমবে ৩০০ কোটি টাকা
পিএইচপি গ্রুপের ফ্লোট গ্লাস তৈরির উদ্যোগে দেশের আমদানি খরচ বছরে ৩০০ কোটি টাকা কমে আসবে।
পিএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন বলেন, আমদানি করা গ্লাসের চেয়ে তাদের তৈরি পণ্যের দাম পড়বে শতকরা ৩০ ভাগ কম।
তিনি বলেন, তাছাড়া স্থানীয় শিল্পকে গতিশীল করতে আমদানি শুল্ক বৃদ্ধি করা প্রয়োজন। এতে স্থানীয় পণ্যের দাম আরও কমে যাবে।
বাংলাদেশে প্রায় ৩০০ কোটি টাকার ফ্লোট গ্লাসের বাজার রয়েছে। মোহাম্মদ মহসিন বলেন, পিএইচপি কারখানার বর্তমান উৎপদান ক্ষমতা অনুযায়ী, তারা দেশের মোট চাহিদার ৭০ শতাংশ পূরণ করতে সক্ষম।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের বারবকুণ্ড এলাকায় ৩০ একর জমির ওপর প্রতিষ্ঠিত পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রি চলতি বছরের ২৩ জুন তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করে। মোট ৩০০ কোটি টাকা বিনিয়োগে প্রতিষ্ঠিত এই শিল্প কারখানায় শতকরা ৪০ ভাগ ব্যাংক ঋণ। বাকি টাকা উদ্যোক্তাদের বলে তারা জানান।
মোহাম্মদ মহসিন বিডিনিউজের এ প্রতিবেদককে বলেন, দেশে ফ্লোট গ্লাসের বার্ষিক চাহিদা ৬০ হাজার মেট্রিক টন। এর মধ্যে কেবল তারাই উৎপাদন করতে সক্ষম ৫৪ হাজার মেট্রিক টন।
তিনি বলেন, উৎপাদন শুরুর পর থেকেই আমরা ভাল সাড়া পাচ্ছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের প্রাথমিক উদ্দেশ্য ৩০০ কোটি টাকার স্থানীয় বাজার দখল করা। পরবর্তীতে তাদের রপ্তানিরও পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
পিএইচপি গ্রুপ বর্তমানে ৩০ শতাংশ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করছে এবং বাকি ৭০ শতাংশ কাঁচামালের চাহিদা দেশ থেকেই পূরণ করছে। এক্ষেত্রে তারা চৌদ্দগ্রাম, হবিগঞ্জ, ময়মনসিংহ ও সিলেট থেকে সিলিকা বালু সংগ্রহ করে থাকে।
দেশে ফ্লোট গ্লাস উৎপাদকারী দ্বিতীয় কোম্পানি হচ্ছে পিএইচপি গ্রুপ। এর আগে নাসির গ্রুপ এ ধরনের গ্লাস উৎপাদন শুরু করে।
