ফুলবাড়ি কয়লা খনি সম্ভাব্যতা রিপোর্ট পেশ করছে এশিয়া এনার্জি
যুক্তরাজ্য ভিত্তিক এশিয়া এনার্জি পিএলসি’র সাবসিডিয়ারি এশিয়া এনার্জি (বাংলাদেশ) প্রা. লি. রোববার ফুলবাড়ি কয়লা খনি প্রকল্প নিয়ে দুই বিলিয়ন ডলারের সম্ভাব্যতা রিপোর্ট ও উন্নয়ন স্কীম জমা দেবে।
এশিয়া এনার্জি (বাংলাদেশ)’র প্রধান নির্বাহী অফিসার গ্যারি লি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিচালকের কাছে এটি পেশ করবে।
রিপার্টে জানা যায়, এশিয়া এনার্জি মূলধন হিসেবে দুই বিলিয়ন ডলার এবং কয়লা উত্তোলনের কাজে অতিরিক্ত আরও ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে। গড়ে প্রতি টন কয়লা হতে ৫০ মার্কিন ডলার হিসেবে সরকার প্রতিবছর কর, রয়েলটি, শুল্ক এবং রেল ও বন্দরের চার্জসহ সাত বিলিয়ন মার্কিন ডলার আয় করবে।
সূত্র আরও জানায়, ৬০০ পৃষ্ঠার সম্ভাব্যতা রিপোর্ট নিয়ে এশিয়া এনার্জি দুই বছরে ১৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। প্রতিবেদনে দেখানো হয়েছে, ফুলবাড়ি কয়লা খনিতে ৫৭২ মিলিয়ন টন কয়লা মজুদ আছে।
সূত্র জানায়, প্রতি বছর এই কয়লা খনি থেকে রপ্তানিযোগ্য মেটালার্জিক্যাল ও থারমাল-দুই ধরণের ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা হবে।
তারা জানায়, সেপ্টেম্বরের ১১ তারিখে পরিবেশ অধিদপ্তর পিট খনি খনন সংক্রান্ত কোম্পানির পরিবেশগত প্রভাব যাচাই (ইআইএ) অনুমোদন করেছে।
