২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করপোরেট সেক্টরের সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম

এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, করপোরেট সেক্টরের সুশাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

শনিবার ঢাকায় আয়োজিত “করপোরেট গভরনেন্স : ব্রিজিং করপোরেট সেক্টর এন্ড মিডিয়া” শীর্ষক এ গোলটেবিল বৈঠকের বক্তারা বলেছেন, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থে গণমাধ্যম ও করপোরেট জগতের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করা এখন একান্ত জরুরী হয়ে পড়েছে। সরাসরি কিংবা দক্ষ জনসংযোগ / গণযোগাযোগ কর্মীদের সাহায্য নিয়ে এ যোগাযোগ স্থাপন করা সম্ভব।

“মানুষের জন্য”-এর সহায়তায় ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এমআরডিআই) এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বীমা, মোবাইল ফোন, সিমেন্ট কোম্পানি, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং সংবাদপত্রের সম্পাদকগণ অংশ নেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

জারমস্ ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন উপ-প্রধান মন্ত্রী জামাল উদ্দীন আহমদ বলেন, মানব সেবাই হচ্ছে করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটি’র (সিএসআর) মূল কথা। তিনি বলেন, করপোরেট সেক্টরে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে গণমাধ্যমকে পক্ষপাতহীন সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ফেডারেশন অব চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ বলেন, ব্যবসায়ীদের রাজনীতির পরিবর্তে ব্যবসা-বাণিজ্যের প্রসারে অধিক মনোনিবেশ করা উচিত।

লাফার্জ সুরমা সিমেন্টের কমিউনিকেশন ম্যানেজার মহিউদ্দীন বাবর বলেন, করপোরেট সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমকে ওয়াচডগের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তবে ওয়াচডগের কাজটি সঠিকভাবে পালন করতে হলে গণমাধ্যমের দক্ষতাও বাড়ানো প্রয়োজন।

গ্রীণ ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক নাসির এ. চৌধুরী বলেন, করপোরেট হাউসগুলোর সিএসআর কার্যক্রমকে উৎসাহিত করতে সরকার কিছু ইনসেনটিভের ব্যবস্থা করতে পারে।

দৈনিক ভোরের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামল দত্ত বলেন, ব্যবসায়িক স্বার্থের কারণে গণমাধ্যমের সামাজিক দায়িত্ববোধ অনেকখানি ম্লান হয়ে পড়েছে। তার ভাষায়, জবাবদিহিতার স্বার্থে গণমাধ্যমের অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত করাও জরুরী।