মেঘনা ব্যাংক থেকে ‘অ্যাড মানি’ করা যাবে নগদে
মেঘনা ব্যাংক থেকে এখন সহজেই ‘অ্যাড মানি’ করতে পারবেন ‘নগদ’ এর গ্রাহকরা।
সম্প্রতি রাজধানীতে মেঘনা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সেবাটি উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ জানায়, এই সেবার মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময় তাদের ওয়ালেটে মেঘনা ব্যাংক থেকে অ্যাড মানি করতে পারবেন।
এর ফলে ‘নগদ’ ও মেঘনা ব্যাংকের গ্রাহকরা আন্তঃলেনদেনের মাধ্যমে সময় এবং টাকা দুটোই বাঁচাতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।
‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, “দেশের বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করার সুযোগ তৈরি করেছি আমরা। মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য আমরা শুরু থেকে কাজ করছি।”
তিনি আরও জানান, গ্রাহকরা ব্যাংক থেকে যে কোনো ‘নগদ’ অ্যাকাউন্টে দৈনিক সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন। এভাবে প্রতি মাসে মোট তিন লাখ টাকা পর্যন্ত অ্যাড মানি করার সুযোগ থাকছে ‘নগদ’ ওয়ালেটে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নগদ’ এর বিজনেস সেলস এর প্রধান মো. সাইদুর রহমান দিপু, ব্যাংক ও এফআই বিভাগের প্রধান শেখ সউদ বিন জাহান এবং মেঘনা ব্যাংক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সোহেল আর কে হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআইও শ্যামল বি দাশ, হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম নাজিম এ চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
