২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অযথা হর্ন বন্ধে ‘শব্দত্রাস’ কর্মসূচি দুরন্ত বাইসাইকেলের

অযথা গাড়ির হর্ন বাজানো বন্ধে জনসচেতনতা তৈরিতে ‘শব্দত্রাস’ নামে কর্মসূচি শুরু করেছে প্রাণ-আরএফএল শিল্পগোষ্ঠীর বাইসাইকেল ব্র্যান্ড ‘দুরন্ত’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 05:32 PM

Updated : 02 Aug 2022, 01:43 PM

মঙ্গলবার ঢাকায় নিজেদের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন এ শিল্পগোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

কর্মসূচির মধ্যে রয়েছে চালকদের প্রশিক্ষণ, গণমাধ্যমে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে নিবন্ধ প্রকাশ, সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা প্রচার ও শব্দদূষণ প্রতিরোধে গোলটেবিল বৈঠক আয়োজন।

আরএন পাল বলেন, “শব্দদূষণ আমাদের দেশে অনেক বড় একটি সমস্যা। আর এ শব্দদূষণের বড় কারণ অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজানো। কারণ দেশে শব্দদূষণের প্রায় ৮০ ভাগের উৎস বিভিন্ন ধরনের যানবহনের হর্ন।

“উচ্চমাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি ও স্বাস্থ্যে প্রভাব ফেলে। কানে শোনার ক্ষমতা কমে যায়, ঘুম কম হয়, বিরক্তির মাত্রা বেড়ে যায়। শব্দের কারণে শিশুদের শেখার ক্ষমতা কমে যায়। হৃদরোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদির ঝুঁকি থাকে।”

নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হলে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধ করতে হবে মন্তব্য করে তিনি বলেন, “পৃথিবীর এমন অনেক দেশ আছে, যেখানে মানুষ একদমই হর্ন বাজায় না। চাইলে আমাদের দেশেও এটি সম্ভব।

“কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চালকসহ দেশের সাধারণ মানুষকে সচেতন করতে আমরা এ ক্যাম্পেইন চালু করেছি।”

দুরন্ত বাইসাইকেলের প্রধান পরিচালন কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “অধিকাংশ ক্ষেত্রে গাড়ির চালকরা অপ্রয়োজনে হর্ন বাজায় এবং এ হর্ন স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলতে পারে, সেটা তারা বুঝতে পারে না। গাড়ির অনিয়ন্ত্রিত হর্ন এবং এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।”

অন্যদের মধ্যে দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, সিনিয়র অপারেশন ম্যানেজার রবিন খান ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।