২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৩ লাখ ডলার বিনিয়োগ পেল স্টার্টআপ শিখো

শিক্ষা প্রযুক্তির উন্নয়নে ৫৩ লাখ মার্কিন ডলার বৈশ্বিক বিনিয়োগ পেয়েছে বাংলাদেশভিত্তিক শিক্ষা প্রযুক্তি (এডটেক) স্টার্টআপ শিখো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 12:45 AM

Updated : 02 Aug 2022, 03:14 PM

সম্প্রতি ৪০ লাখ মার্কিন ডলার ফাইন্যান্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় সিড রাউন্ড শেষ হওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছরের আগস্ট মাসে প্রথম সিড রাউন্ডে স্টার্টআপটি ১৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পায়।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই রাউন্ডে বিনিয়োগ করেছে সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ওয়েভমেকার পার্টনার্স এবং অংশগ্রহণ করেছে আরও সাতটি বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

গত বছরের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুনর্বিনিয়োগ করেছে লার্ন ক্যাপিটাল, অ্যাঙ্করলেস বাংলাদেশ এবং ভাইব ক্যাপিটাল। এছাড়াও প্রতিষ্ঠানটিতে নতুন বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে ডিএসজি কনজিউমার পার্টনারস, ব্ল্যাক কাইট ক্যাপিটাল, রেশিও ভেঞ্চারস, এবং ডিমান্ড কার্ভ-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান শাপিরো।

বাংলাদেশ জাতীয় পাঠ্যক্রম শিক্ষাকে অনলাইনে সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতে কাজ করছে শিখো।

২০২০ সালের নভেম্বরে মোবাইল লার্নিং অ্যাপ দিয়ে যাত্রা শুরু করে শিখো।

শিখো’তে রয়েছে বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম অন্তর্ভুক্ত এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সিলেবাসের সকল একাডেমিক কোর্স।

শিখো’র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী বলেন, “শিখো এমন একটি প্রতিষ্ঠান যার উদ্দেশ্য হলো সবচেয়ে ভালো মানের লার্নিং কন্টেন্ট সবার জন্য সহজলভ্য করা আর আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে বদলে দেয়া।”

বিনিয়োগ সম্পর্কে ওয়েভমেকার পার্টনারসের ম্যানেজিং পার্টনার পল সান্তসকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর কাছে এখনও রিমোট লার্নিং টুল এবং মানসম্মত শিক্ষাগ্রহণের মাধ্যম সহজলভ্য নয়। অনেকেই মনে করে থাকে যে ভালো ফলাফল করতে শুধু ব্যয়বহুল প্রাইভেট বা কোচিং করা আবশ্যক।

“কিন্তু শিখো অ্যাপের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীই দেশের স্বনামধন্য শিক্ষকদের কাছ থেকে কম খরচে, ঘরে বসে, মুঠোফোনে বা কম্পিউটারেই মানসম্মত শিক্ষা নিতে পারে।”

গুগল প্লে-স্টোর থেকে শিখো অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে।