ডেবিট কার্ডেও স্পর্শবিহীন লেনদেন চালু
ক্রেডিট কার্ডের পর এখন ডেবিট ও প্রিপেইড কার্ডেও স্পর্শ ছাড়া লেনদেন করা যাবে।
এক্ষেত্রেও প্রতি লেনদেনে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে বলে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে।
এতে স্পর্শবিহীন প্রযুক্তি এনএফসি (নেয়ার ফিল্ড কমিউনিকেশন) ব্যবহারের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে ২০১৮ সালের ১২ জুলাই দেশে ক্রেডিট কার্ডে এনএফসি ব্যবহারের অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক।
এনএফসি প্রযুক্তিতে মেশিনে কার্ড প্রবেশ না করিয়ে কিছুটা দূর থেকেই লেনদেন করা যায়। এতে কেনাকাটার জন্য কারও হাতে কার্ড দেওয়া লাগবে না।
সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, এ প্রযুক্তির মাধ্যমে ডেবিট ও প্রিপেইড কার্ডভিত্তিক প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু এ সীমার মধ্যে লেনদেনের জন্য পিন বা ২এফএ (টু ফ্যাক্টর অথেনটিফিকেশন) এর শর্ত শিথিল করা হয়েছে। তবে এসএমএস অ্যালার্ট সেবাসহ এ ধরনের প্রতিটি
লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাহককে অবহিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ইএমভি মানের ডেবিট ও প্রিপেইড কার্ডে এনএফসি সুবিধা দেওয়া যাবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ কার্ডে দিনে কয়টি লেনদেন করা যাবে সেটা কার্ড ইস্যুকারী ব্যাংক ঠিক করে দেবে।
