২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগদেও দেওয়া যাবে ডিএনসিসির কর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর এখন থেকে মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’র মাধ্যমে দেওয়া যাবে। এ সেবা চালু হবে আগামী ১ এপ্রিল থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 10:59 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন নগর ভবনে হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য রাজস্ব আদায়ে নগদের সঙ্গে চুক্তি হয়েছে।

ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং নগদ লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আতিকুল বলেন, “ট্যাক্স দেওয়া এবং অন্যান্য লেনদেন ব্যবস্থা সহজ, যুগোপযোগী ও ঝামেলামুক্ত করতে আমরা অনলাইনে লেনদেন পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছি। ১ এপ্রিল থেকে নগরবাসী ঘরে বসে খুব সহজে অনলাইনে নিজেই নিজের ট্যাক্স প্রদান করতে পারবে। ঘরে বসেই অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদানসহ অন্যান্য লেনদেন করতে পারবেন।”

মেয়র বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তার হাত ধরে প্রতিদিনই ই-সেবার ক্ষেত্র ও পরিসর বিস্তৃত হচ্ছে। প্রতিনিয়ত অটোমেশনের পরিধি বাড়ছে। সেই ধারাবাহিকতায় ডিএনসিসি একটি পেপারলেস প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে।”

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।