সামোয়াতে গ্যাস স্টোভ রপ্তানি করলো আরএফএল
দ্বীপরাষ্ট্র সামোয়াতে গ্যাস স্টোভ রপ্তানি শুরু করেছে আরএফএল।
নারায়ণগঞ্জে অবস্থিত রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা থেকে সম্প্রতি গ্যাস স্টোভের প্রথম চালান সামোয়াতে পাঠানো হয়েছে বলে রোববার আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, “এক সময়ে বাংলাদেশে বিপুল পরিমাণ গ্যাস স্টোভ আমদানি হত। উন্নত প্রযুক্তিতে বিশ্বমানের পণ্য উৎপাদন ও ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়া আরএফএল গ্যাস স্টোভ দেশের বাজারে গ্রাহকদের কাছে বিশাল একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।
“এখন আমাদের লক্ষ্য বিভিন্ন দেশে আরএফএল গ্যাস স্টোভ রপ্তানি করা। কারণ বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।”
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালে ভারতে পণ্য পাঠানোর মাধ্যমে রপ্তানি শুরু করে আরএফএল গ্যাস স্টোভ।
বর্তমানে প্রতিবেশী দেশটির পাশাপাশি পাপুয়া নিউগিনি, ফিজি ও অস্ট্রেলিয়াতে নিয়মিত রপ্তানি হচ্ছে গ্যাস স্টোভ।
এছাড়া শিগগিরি নেপালসহ আরও কয়েকটি দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
