দেশের প্রতি দায়িত্ব এড়ানোর সুযোগ নেই: ওয়ালটন এমডি
প্রজন্ম থেকে প্রজন্মকে দেশ গড়ার দায়িত্ব পালন করে যেতে হয় মন্তব্য করে ওয়ালটন এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ বলছেন, এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
সম্প্রতি অনুষ্ঠিত সম্প্রতি ‘ওয়ালটন প্রেজেন্টস রাইজ এ্যাবাভ অল’ শীর্ষক পাবলিক স্পিকিং অনুষ্ঠানে গোলাম মুর্শেদ এ মন্তব্য করেন।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই অনুষ্ঠানটের আয়োজন করে ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও সমৃদ্ধ ক্যারিয়ার গড়ে তুলতে ওই কর্মশালার আয়োজন করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ‘ভোট অব থ্যাঙ্কস’ পর্বে দেশ গড়ায় তরুণদের উদ্দেশে গোলাম মুর্শেদ বলেন, “আমাদের ওপর কান্ট্রি ব্র্যান্ডিংয়ের দায়িত্ব রয়েছে। এ দায়িত্ববোধ আমরা উপেক্ষা করতে পারি না। কারণ বাংলাদেশে আমাদের জন্ম। সুতরাং দেশের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
“এটা অনেকটা রিলে রেসের মতো। আমাদের আগের প্রজন্ম তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে তা আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। আমরা সে দায়িত্ব পালন করে পরের প্রজন্মের কাছে দিয়ে যাবো। এ দায়িত্ববোধটা সবসময় আমাদের মনে রাখতে হবে। কারণ যেভাবেই হোক এই দায়িত্বটা আমাদের কাছে চলে এসেছে। এটা এড়ানোর কোনো সুযোগ নেই।”
সফল হতে কাউকে অন্ধ অনুসরণ করে নয় বরং কাজের প্রতি দায়িত্বশীল হতে তরুণদের পরামর্শ দিয়েছেন গোলাম মুর্শেদ।
"অন্ধভাবে কাউকে অনুসরণ করতে যাবেন না। কারণ প্রতিটি মানুষ আলাদা ও অনন্য। প্রত্যেকের কোনো কোনো বিশেষ গুণ আছে...।
“দায়িত্বশীলতার সাথে কাজের প্রতি ডেডিকেশন দিয়ে করবেন। সেটা চাকুরি কিংবা ব্যবসা যেটাই হোক না কেন। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন। তাহলেই আপনি নিজের ক্ষেত্রে সফল হবেন।"
অনুষ্ঠানে সরকারের প্রতিনিধি, সফল উদ্যোক্তা, করপোরেট ও মিডিয়া জগতসহ নানা অঙ্গন থেকে আসা ব্যক্তিরা বক্তব্য রাখেন।
