২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাভের চেষ্টায় লোভের চর্চা নয়, ব্যবসায়ীদের বললেন বাণিজ্যমন্ত্রী

বাজার পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যবসায়ীরা ‘লাভের চেষ্টায় লোভের চর্চা’ যেন না করেন, ভোক্তা অধিকার দিবসে সেই অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 10:19 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

ভোক্তা অধিকার আইনের সীমাগুলো বুঝে ভেক্তাদেরও নিজেদের অধিকার রক্ষায় তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় কথা বলছিলেন মন্ত্রী।

‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ প্রতিপাদ্য নিয়ে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে এ বছর।

বাণিজ্যমন্ত্রী বলেন, “ভোক্তাকেও অধিকার রক্ষায় সচেতন হতে হবে। আমরা সবাই ভোক্তা, একজন ব্যবসায়ীও ভোক্তা। একজন ভোক্তার অধিকার রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে।”

ভোক্তার অধিকার রক্ষায় আইনের কথা তুলে ধরে তিনি বলেন, “আইনের কঠোর প্রয়োগ করা হচ্ছে। ভোক্তা সচেতন হলে আইন প্রয়োগে সহজ হয়।

মন্ত্রী বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ‘ভোক্তা বাতায়ন’ নামে একটি হটলাইন সেবা চালু করেছে। যে কোনো ভোক্তার অধিকার ক্ষুণ্ন হলে ১৬১২১ নম্বরে ফোন করে প্রতিকার পাওয়া যাবে।

“এখন দ্রব্যমূল্য পরিস্থিতির যে অবস্থা, তাতে ভোক্তা অধিকার এখন দেশের জন্য জরুরি হয়ে পড়েছে। এখন ভোক্তা অধিকার আইনটা সবাইকে জানিয়ে দেওয়াও জরুরি হয়ে পড়েছে। ভোক্তাকে বুঝতে হবে, তার এই অধিকারটুকু রয়েছে আইনে। তাহলে ভোক্তা অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, চাইতে পারবে, লড়াই করতে পারবে।”

অনুষ্ঠানের অতিথি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ভোক্তা অধিকারের কর্মীরা যেভাবে বাজার তদারকি করছেন, তা ‘আশাব্যাঞ্জক’।

“এখন এই সংস্থায় আরও লোকবল নিয়োগ দেওয়া প্রয়োজন। বিশেষ করে উপজেলা পর্যায়ে কার্যালয় নিয়ে যাওয়া প্রয়োজন। পাশাপাশি সংস্থার অর্গানোগ্রামে কর্মী পদোন্নতি ও মূল্যায়নের সুযোগ রেখে তাদেরকে উৎসাহ দেওয়া প্রয়োজন।”

সরকারি প্রতিষ্ঠান হিসাবে দুর্নীতিমুক্ত থাকার অঙ্গীকার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ‘একটি চমৎকার কাজ’ করেছে বলে মন্তব্য করেন দুদকের সাবেক এই চেয়ারম্যান।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ব্যবসার নামে যে কোনো ধরনের কারসাজির বিরুদ্ধে রয়েছে ‘অধিকাংশ’ ব্যবসায়ী। দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যে অভিযান চলছে, তা যেন অব্যাহত থাকে।

“আমি ব্যবসায়ীদের নেতা, কিন্তু অসৎ ব্যবসায়ীদের নেতা নই। ব্যবসায়ীদের মধ্যে ৯৫ শতাংশই সততা অনুসরণ করে ব্যবসা পরিচালনা করছে। ৫ শতাংশের দায়ভার তারা নেবে না,” বলেন জসিম উদ্দিন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প সচিব জাকিয়া সুলতানা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বক্তব্য দেন।