গ্রামীণফোনের নতুন চিফ টেকনোলজি অফিসার জয় প্রকাশ
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন মিয়ানমারে টেলিনরের একই দায়িত্ব পালন করে আসা জয় প্রকাশ।
আগামী ১ এপ্রিল থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জয় প্রকাশ ২০১৪ সালের নভেম্বর মাস থেকে টেলিনর মিয়ানমারের চিফ টেকনোলজি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
গ্রামীণফোনের বর্তমান সিটিও রাদে কোভাসেভিচ টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
জয় প্রকাশ বলেন, “প্রবৃদ্ধিশীল ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোনের সিটিও হিসেবে নিয়োগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।
“গ্রামীণফোন উদ্ভাবন, প্রযুক্তি ও বৈচিত্র্যপূর্ণ পণ্য ও সেবা উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অন্তর্ভুক্তিতে অবদান রেখেছে। এমন একটি টিমের অংশ হয়ে এ পথচলায় একসাথে কাজ করতে পারবো ভেবে আমি রোমাঞ্চিত।”
জয় প্রকাশকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সবকিছু সম্ভব করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের কৌশলগত প্রচেষ্টায় তার সুদীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা সহায়ক ভূমিকা রাখবে, পাশাপাশি তার অন্তর্ভুক্তি গ্রাহকের ডিজিটাল লাইফের প্রত্যাশা পূরণে ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্ক তৈরিতেও সহায়তা করবে।”
গত সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে আধুনিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে ৮ কোটি ৩০ লাখের বেশি গ্রাহককে সহায়তায় অবদান রাখার জন্য ইয়াসির আজমান বিদায়ী সিটিও রাদেকে ধন্যবাদ জানান।
