ভোজ্য তেলে দুই পর্যায়ে ভ্যাট প্রত্যাহার
ভোজ্য তেলের বাজার গরম হয়ে ওঠায় রোজার আগে পরিস্থিতি সামলাতে দুই পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।
সয়াবিন তেল ও পাম তেলে স্থানীয় উৎপাদন পর্যায় এবং ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত সোমবার বিকালে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে দুপুরে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছিলেন, আমদানি করা কাঁচামাল দিয়ে স্থানীয় পর্যায়ে সয়াবিন তেল পরিশোধন করার সময় যে ভ্যালুয়েডেশন হয় এর ওপর ১৫ শতাংশ শুল্ক রয়েছে। এরপরে রয়েছে বিপণন পর্যায়ের ৫ শতাংশ শুল্ক। এই দুই ধরনের শুল্ক পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা আসছে।
তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সয়াবিন তেলের আমদানি পর্যায়েও ১৫ শতাংশ শুল্ক রয়েছে। মূলত সেটাই দাম বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিটি গ্রুপের বিপণন বিভাগের পরিচালক বিশ্বজিৎ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে প্রক্রিয়ায় ভ্যাট প্রত্যাহার করা হয়েছে তাতে মিল পর্যায়ে মাত্র ৩ টাকা দাম কমতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আমদানি পর্যায়ে ও ভ্যাট প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে আমরা শুনতে পেয়েছি। সেটি কার্যকর করা গেলে দাম অনেকটা কমবে।”
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও নাম প্রকাশ না করে বলেন, “উৎপাদন পর্যায় ও বিপণন পর্যায়ে যে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, তা দাম কমানোর ক্ষেত্রে খুব সামান্য ভূমিকা রাখবে। আমদানি শুল্ক প্রত্যাহার করতে পারলে দাম কিছুটা কমবে।”
এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে আমদানি পর্যায়ে শুল্ক ১৫ শতাংশ থেকে ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে বলেও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সোমবার জানিয়েছেন।
তিনি বলেন, “আমদানি পর্যায়ে ১৫ শতাংশ রয়েছে, সেখান থেকে ১০ শতাংশ কমানো হবে। কী পরিমাণ কমানো হবে, সেটা এনবিআরের এসআরও প্রকাশের পর জানা যাবে।”
ভোজ্য তেলসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বাজার, মিল-কারখানা পরিদর্শনে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাস্কফোর্স গঠনের কথাও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
