২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন বিশ্বজুড়ে ‘চমৎকার’ ব্যবসা করছে: বিএসইসি চেয়ারম্যান

আরব আমিরাতের বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের প্রশংসা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ‘ওয়ালটন বিশ্বজুড়ে চমৎকার ব্যবসা করছে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 09:08 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সম্মেলনের বিষয়ে জানায় ওয়ালটন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে বিএসইসি চেয়ারম্যান বলেছেন, “ওয়ালটন বাংলাদেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। দাম ও গুণগতমানের কারণে ওয়ালটনের উৎপাদিত পণ্য এখন বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানি হচ্ছে।”

প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী করে তুলতে গত ৯ ও ১০ মার্চ আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং ডিনার’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বিএসইসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সম্মেলনের সার্বিক সহযোগিতায় ছিল ওয়ালটন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও রেফ্রিজারেটরের সিবিও প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে অনেক উন্নয়ন হয়েছে। বড় বড় মেগা প্রজেক্ট গড়ে উঠছে, অবকাঠামো নির্মাণ করা আছে। উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সঙ্গে কাজ অব্যাহত আছে। আগামী দিনে জাতীয় ও বৈশ্বিক উন্নয়নে বিনিয়োগের সম্ভাবনাময় দেশ হবে বাংলাদেশ।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। এ ধরনের রোড শো করার উদ্দেশ্য হলো নতুন বাংলাদেশে কী ঘটছে তা তুলে ধরা। গত ১৩ বছরে বাংলাদেশ নিজেকে পুরোপুরি বদলে দিয়েছে।

“আপনারা অনুগ্রহ করে বাংলাদেশে আসুন। স্বচক্ষে ঘুরে দেখুন এবং বিনিয়োগ করুন। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবেন।”

‘ভোট অব থ্যাঙ্কস’ পর্বে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক বলেন, এ ধরনের একটি চমৎকার আয়োজনে সম্পৃক্ত হতে পেরে ওয়ালটন পরিবার অত্যন্ত আনন্দিত।

“বাংলাদেশ এখন শুধু ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণই নয়, বরং বিশ্বজুড়ে ওয়ালটনের তৈরি এসব পণ্য রপ্তানিতে ব্যাপক সাফল্য দেখাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। ”