‘মনের সুখে আঁকি’ শুরু ১৮ মার্চ
শিশু-কিশোরদের অংশগ্রহণে ঢাকা ও চট্টগ্রামে শুরু হচ্ছে ‘পোলার আইসক্রিম মনের সুখে আঁকি’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার তৃতীয় আসর।
১৮ মার্চ চট্টগ্রামের ফয়’স লেকে এ প্রতিযোগিতার প্রথম পর্ব এবং ২৬ মার্চ ঢাকার ফ্যান্টাসি কিংডমে দ্বিতীয় পর্বের আয়োজন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৫-১৬ বছর বয়সী শিশু-কিশোররা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগীকে প্রথমে অনলাইনে নিবন্ধন করতে হবে; পরবর্তীতে ক্ষুদে বার্তার মাধ্যমে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে।
ফ্যান্টাসি কিংডম, ফয়’স লেক ও পোলার আইসক্রিমের ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটে নিবন্ধনের লিংক পরে প্রকাশ করা হবে। নিবন্ধনের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তথ্য পূরণ করতে হবে।
কনকর্ড এন্টারটেইনমেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামের দুই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য রয়েছে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক।
চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের জন্য থাকছে ক্রেস্ট, সনদ ও বই। অংশ নেওয়া সব প্রতিযোগীকেই দেওয়া হবে সনদ।
যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও পোলার আইসক্রিম।
