২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিং কর্মসূচি ফ্রেশ টিস্যুর

স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা গড়ে তুলতে এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে দেশজুড়ে বিনামূল্যে ‘ব্রেস্ট স্ক্রিনিং কর্মসূচি’ হাতে নিয়েছে মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ টিস্যু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 08:26 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

রোববার রাজধানীর লেকশোর হোটেলে ‘ফ্রেশ বাংলাদেশ’ নামের এ বিশেষ কর্মসূচি উদ্বোধন করা হয়।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) কাজী মহিউদ্দীন জানান, ৮ মার্চ থেকে ক্যাম্পেইনটি শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত।

“আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে ক্যাম্পেইনটি লঞ্চ করেছি। এই নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে গত তিন বছর ধরে কাজ করছি। আমরা চাচ্ছি, প্রাথমিক পর্যায়ে যেন রোগটা ধরা পড়ে।” 

নারী দিবসকে সামনে রেখে মাসব্যাপী এ কর্মসূচিতে দেশজুড়ে মোবাইল ক্লিনিকের (ক্যারাভ্যান) মাধ্যমে বিভিন্ন জেলায় বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হবে।

অনলাইনে প্রাক নিবন্ধনের মাধ্যমে নির্দিষ্ট জেলার নির্ধারিত স্থানে, নির্ধারিত দিনে, নির্দিষ্ট সংখ্যক নারীকে এ সেবা দেওয়া হবে।

অনুষ্ঠানে স্তন ক্যান্সার নিয়ে কাজ করা চিকিৎসক শারমিন আক্তার সুমী জানান, সমাজে স্তন ক্যান্সার নিয়ে নানা ধরনের ট্যাবু ও কুসংস্কার রয়েছে। যার কারণে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে।

“অনেকে লজ্জা ও সংকোচের কারণে বিষয়টা নিয়ে কথাই বলতে চান না। এমনও দেখা গেছে, চেম্বারে রোগী চিকিৎসা নিতে এসেছে, অথচ তিনি আমাকে দেখাতেই সংকোচবোধ করছেন। অথচ শরীরের অন্যান্য অংশের মতো এই অংশেও তো রোগ হতে পারে।

এ ক্যান্সার নিয়ে সচেতনতার অভাবের কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলে অগণিত মানুষ আছেন, যারা স্তন ক্যান্সার সংক্রান্ত তথ্যগুলোই জানছেন না। আবার যারা জানছেন, তারা ডাক্তারের কাছে আসার জন্য যে পরিবারের মানুষকে বলবে- সেই সাহসটাই পাচ্ছেন না।”

২০২০ সালে নিজেও এ রোগে আক্রান্তের কথা জানিয়ে চিকিৎসক সুমী বলেন, “এই অসুখটা খুব ধীরে ধীরে আসে। আমরা কখনোই বলছি না যে, আপনি সচেতন হলেই আপনার স্তন ক্যান্সার হবে না। আমরা বলছি, একেবারে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ব্রেস্ট ক্যান্সার নিরাময় সম্ভব।”

ইউরোপ-আমেরিকায় ৫০ বা ৬০ বছরের বেশি বয়সী নারীরা স্তন ক্যান্সারে আক্রান্ত হলেও বাংলাদেশে ৩০ বছরের পর থেকেই অনেকে এতে আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি।  

ফ্রেশ টিস্যুর ফেইসবুক পেইজের মাধ্যমে কর্মসূচির বিস্তারিত তথ্য জানা যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্র দেন ‘ফ্রেশ বাংলাদেশ’ কর্মসূচির উপদেষ্টা অভিনেত্রী শম্পা রেজা, মেঘনা গ্রুপের উপদেষ্টা শফিউর রহমান প্রমুখ।