২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্টিং ও প্যাকেজিং কোম্পানির উৎসে কর প্রত্যাহার দাবি

প্রিন্টিং ও প্যাকেজিং খাতের কোম্পানিগুলোর উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2022, 07:51 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের সভাপতি এমএ বাশার পাটোয়ারী লিখিত বক্তব্যে বলেন, "প্রতিযোগিতামূলক বাজারে আমাদের নিট আয় ৪ থেকে ৫ শতাংশের বেশি নয়। এক্ষেত্রে ২ থেকে ৫ শতাংশ উৎসে কর কেটে নেওয়া গ্রহণযোগ্য নয়।

“এছাড়া আমদানিকারকরা ৫ শতাংশ অগ্রিম কর দেন। তাই আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য উৎসে আয়কর কর্তন বাতিল করার বিশেষ অনুরোধ করছি।"

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজেটে আইন পরিবর্তন করে প্রিন্টিং ও প্যাকেজিং খাতের কোম্পানিগুলোর উপর ৫ শতাংশ অগ্রিম কর বসানো হয়। এতে কোম্পানিগুলো ৫ থেকে ৭ শতাংশ লোকসানে চলে গেছে। অথচ এর আগে ৩ থেকে ৪ শতাংশ মুনাফায় ছিল।

অগ্রিম করের কারণে উদ্যোক্তা ও মালিকরা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন বলে জানান এমএ বাশার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রিন্টিং ও প্যাকেজিং খাতের দুই হাজার প্রতিষ্ঠানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ১০ লাখ কর্মসংস্থান হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে দেশের কাগজ কলগুলো যাতে প্রতি বছর অযৌক্তিক হারে কাগজের দাম বাড়াতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।