২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সবজি মেলা শুরু হচ্ছে সোমবার

আগামী সোমবার ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে শুরু হচ্ছে জাতীয় সবজি মেলা-২০২২।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 10:23 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

তিন দিনব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস।’

মেলাটি সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সবজির পুষ্টিমান, উপকারিতা, উৎপাদন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবজি নিরাপদ রাখতে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে এবার গুরুত্ব দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন ধরণের সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী থাকবে।

১২টি সরকারি ও ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৭টি প্রতিষ্ঠান সবজি মেলায় অংশগ্রহণ করছে। এছাড়াও থাকবে সবজি বিক্রি কর্ণার।

 আগামী সোমবার বিকালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক মেলা উদ্বোধন করবেন।

জাতীয় সবজি মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় কৃষিমন্ত্রী বলেন, “সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।

“নিরাপদ সবজির জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি কৃষক-উৎপাদক, ভোক্তা, পরিবহণকারী, প্রক্রিয়াজাতকারীসহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা প্রয়োজন। এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থার প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।