২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসে করে আরও ৫ বছর সুবিধা চায় বিজিএমইএ

রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের উৎসে কর হার আরও পাঁচ বছর শূন্য দশমিক ৫ শতাংশ রাখার দাবি জানিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 06:41 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

পাশাপাশি ওই সময় পর্যন্ত সাধারণ কারাখানার করপোরেট কর হার ১২ শতাংশ এবং গ্রিন (পরিবেশবান্ধব) কারখানার জন্য ১০ শতাংশ রাখার কথা বলছেন দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের উদ্যোক্তারা।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ দাবি তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিজিএমইএ প্রতিনিধিরা ছাড়াও এনবিআর সদস্য (শুল্ক নীতি) মু. মাসুদ সাদিক, সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা এবং সদস্য (আয়কর নীতি) সামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, “কোভিড-১৯ এর চ্যালেঞ্জ আমরা অনেক দেশের তুলনায় ভালোভাবে মোকাবিলা করে এখন তার ফল পাচ্ছি। এখন আমাদের রপ্তানি কোভিডের আগের অবস্থার তুলনায় আরও বদ্ধি পেয়েছে।”

এখন মাসে প্রায় ৫ বিলিয়ন ডলারের রপ্তানি হচ্ছে জানিয়ে ফারুক হাসান বলেন, “এই ঊর্ধ্বমুখী ধারা আরও বাড়ানোর সুযোগ আছে। এই ‍সুযোগ নেওয়ার জন্য পণ্যমূল্য কমানোসহ ক্রেতাদের… আরও বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তাই উদ্যোক্তারা চাপে রয়েছে।”

এ পরিস্থিতিতে উৎসে কর বিদ্যমান শূন্য দশমিক ৫ শতাংশ, সাধারণ কারখানার কর্পোরেট কর হার ১২ শতাংশ এবং গ্রিন কারখানার ক্ষেত্রে ১০ শতাংশ আরও পাঁচ বছর বহাল রাখার অনুরোধ করেন তিনি।

নগদ সহায়তার ওপর যে ১০ শতাংশ হারে আয়কর নেওয়া হয়, এ খাতের উদ্যোক্তাদের ‘সক্ষমতা বাড়াতে’ তা রহিত করার দাবিও জানান বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, “আমাদের বেশি সমস্যা হচ্ছে এইচএস কোড (হারমোনাইজড সিস্টেম কোড বা পণ্যের পরিচিতি কোড) দিয়ে কোনো পণ্য চিহ্নিতকরণে সমস্যা হলে ওই পণ্য জাহাজীকরণ করতে বাধা দেওয়ার কারণে ক্রেতার পণ্য পেতে দেরি হচ্ছে। তাতে আমাদের রপ্তানি পণ্যে সরবরাহের সক্ষমতা নিয়ে নেতিবাচক প্রচার বাড়ছে।”

ফারুক হাসান বলেন, “কোভিড-১৯ পরবর্তী অর্ডার বৃদ্ধি পাওয়ার পর থেকে আমাদের সুতার চাহিদা বেড়ে গেছে। কিন্তু আমরা দেশীয়ভাবে চাহিদার মাত্র ২ শতাংশের মত যোগান দিতে পারি।

“সুতার আমদানি চাপ বৃদ্ধি পাওয়ায় এখন দেশীয় উদ্যোক্তারাও সুতা তৈরির উদ্যোগ নিচ্ছে। কিন্তু প্রতিবেশী ভারত থেকে তুলা আমদানিতে বেনাপোল বন্দরসহ কয়েকটি বন্দরে তুলা আমদানিতে কিছু সমস্যা হচ্ছে।”

ভারত থেকে বড় চালানের এলসি থেকে আংশিক তুলা আমদানি করতে গেলে স্থল বন্দরগুলো তা করতে দিচ্ছে না জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “অথচ বড় চালানোর বিপরীতে ছোট ছোট লটে তুলা আনতে পারলে আমাদের ওই পণ্যের গুদামজাত করার ব্যয় কমে যাবে। এভাবে সক্ষমতা বৃদ্ধি পাবে।”

এরপর এনবিআর চেয়ারম্যান মুনিম বলেন, “কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকার যে সুযোগ সুবিধা আপনাদের দিয়েছে, আমি মনে করি সেই সুবিধা নিয়েই আজকে আপনাদের অর্ডারে অর্ডারে ভরে যাচ্ছে। আমরাও চাই আপনাদের উন্নতি।

“আপনারা আমদানি রপ্তানিতে যে সহজীকরণের কথা বলেছেন, তা আমরা করতে চাই। কিন্তু সহজীকরণ ঢালাওভাবে করতে পারব না। কারণ এটি ঢালাওভাবে করতে গেলে অনেকে সুযোগের অপব্যবহার করবে।”

এইচএস কোড সমস্যার সমাধানের পাশাপাশি সুতা বা তুলা আমদানি সহজ করতেও ‘চেষ্টা করবেন’ তিনি প্রতিশ্রুতি দেন।

এছাড়া এনবিআর সদস্য মাসুদ সাদিক বেনাপোলসহ স্থল বন্দরগুলোতে এই সমস্যা সমাধানে শিগগিরই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সভায়।