মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ শহীদ মিনার করছে ফ্রেশ সিমেন্ট
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের ফ্রেশ সিমেন্টের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দেশে প্রথম বিশেষ শহীদ মিনার তৈরি হচ্ছে।
ভাষা শহীদদের প্রতি দৃষ্টি প্রতিবন্ধীদের সম্মান জানানোর সুযোগ করে দিতে ঢাকার মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে এটি নির্মাণ করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফ্রেস সিমেন্ট কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ শহীদ মিনারের দেয়ালে দেয়ালে খোদাই করা থাকবে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির কিছু অংশ।
শহীদ মিনারটি দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের কথা বিবেচনা করে নির্মাণ করা হচ্ছে। এজন্য স্থানটি তাদের জন্য ঝুঁকিমুক্ত।
এতে বলা হয়, দেশের বিদ্যমান শহীদ মিনারগুলোতে বিশেষ ব্যবস্থা না থাকায় দৃষ্টি প্রতিবন্ধীরা যেতে পারেন না। আবার অনেক মানুষের মাঝে যাওয়াটাও তাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ।
“তাদের ইচ্ছাপূরণ করতে দেশের স্বনামধন্য স্থপতিদের পরামর্শ নিয়ে মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে বিশেষ শহীদ মিনারটি নির্মাণ করা হচ্ছে।“
