প্রশিক্ষণের মার্কেটপ্লেস ট্রেনিংপুলের যাত্রা
তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষা ও করপোরেট প্রশিক্ষণ দেওয়ার বিভিন্ন কোর্স বাজারজাতকরণের মার্কেটপ্লেস ট্রেনিংপুল আত্মপ্রকাশ করেছে।
শনিবার রাজধানীর গুলশানে হোটেল সিক্স সিজনে নতুন এ মার্কেটপ্লেসের উদ্বোধন অনুষ্ঠানে সরকারি, বেসরকারি ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ট্রেনিংপুল।
ট্রেনিংপুল বাংলাদেশের প্রথম ট্রেনিং মার্কেটপ্লেস যেখানে ব্যবহারকারীরা এক জায়গাতেই দেশের সেরা কোর্সগুলো পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে জানানো হয়, প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদানে জড়িত ১০টি এবং আরও কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান ৪০টিরও বেশি প্রশিক্ষণ কোর্স নিয়ে ইতিমধ্যে ট্রেনিংপুলের সঙ্গে যুক্ত হয়েছে।
এছাড়া তিন শতাধিক কোর্স নিয়ে ২৩টি প্রতিষ্ঠান ভবিষ্যতে কাজ করতে সম্মত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
অনুষ্ঠানে কোম্পানিগুলোর প্রতিনিধি, প্রশিক্ষক, পরামর্শদাতা এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
ট্রেনিংপুল থেকে একটি কোর্সের সঙ্গে অন্যটির তুলনা করে প্রয়োজন অনুযায়ী কোর্স বেছে নিতে পারবেন।
সরকারের প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে কোম্পানিটি।
অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, “যে কোনো প্রতিষ্ঠান বা প্রশিক্ষক ট্রেনিংপুলের আধুনিক পদ্ধতি ব্যাবহার করে খুব সহজেই তাদের প্রশিক্ষণের কোর্স বা বিষয়বস্তু এ ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন।”
