২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিল্যান্সারদের টাকা বিকাশে আসবে তৎক্ষণাৎ

দেশে প্রযুক্তিখাতের ফ্রিল্যান্সাররা এখন থেকে বিকাশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের উপার্জন (পেমেন্ট) বুঝে নিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 11:05 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক বর্ডারলেস পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান পেওনিয়ার, বাংলাদেশের ব্র্যাক ব্যাংক ও বিকাশ যৌথভাবে এই সেবা উদ্বোধন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়াল অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন ঘোষণা করেন।

অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউটের অনলাইন লেবার ইনডেক্স১- এর বরাত দিয়ে অনুষ্ঠানে বিকাশের তরফে জানানো হয়, তথ্যপ্রযুক্তি খাতে ফ্রিল্যান্সিং সেবার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে দ্বিতীয়। অর্থ্যাৎ ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।

বাংলাদেশে বসে বিদেশে প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রযুক্তিগত কাজে (ফ্রিল্যান্সিং) যুক্ত আছেন প্রায় সাড়ে ছয় লাখ মানুষ। তাদের হাত ধরে প্রতিবছর ৭০০ মিলিয়ন থেকে এক বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে আসছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বিদেশি কোম্পানিগুলো দেশীয় ফ্রিল্যান্সারদের যে পরিশ্রমিক পরিশোধ করেন তা যাচাই-বাচাই শেষে ফ্রিল্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হওয়ার পরই কেবল তা ভোগ করার সুযোগ পান তারা। বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে পেওনিয়ারের পেমেন্ট পদ্ধতি যুক্ত হওয়ার পর এখন থেকে তাৎক্ষণিক সেই টাকা পেয়ে যাবেন ফ্রিল্যান্সাররা।

অনুষ্ঠানে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, পেওনিয়ার এর রিজিওনাল সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রোহিত কুলকার্নি ও চিফ রেভিনিউ অফিসার রবার্ট ক্লার্কসন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরসহ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

বিকাশ জানায়, নতুন এই সেবার ফলে বিকাশ অ্যাপের রেমিটেন্স আইকন থেকে খুব সহজেই নতুন পেওনিয়ার অ্যাকাউন্টের নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা। যাদের ইতোমধ্যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে তারাও নিজেদের বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করে নিতে পারবেন। অ্যাকাউন্ট সংযুক্ত হয়ে গেলে ফ্রিল্যান্সাররা তাৎক্ষণিক তাদের পেমেন্ট বিকাশ অ্যাকাউন্টে আনতে পারবেন। বিকাশ থেকেই পেওনিয়ার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করারও সুযোগ মিলছে।

এই সেবায় ফরেন কারেন্সি ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল ফান্ড সেটেলমেন্ট ব্যাংক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্র্যাক ব্যাংক।

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি এও জানিয়েছে, নতুন এই সেবা চালু হওয়া উপলক্ষ্যে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাশে সর্বোচ্চ পেমেন্ট গ্রহণকারী ফ্রিল্যান্সারকে একটি করে মোবাইল ফোন পুরস্কার দেওয়া হবে। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই এই পুরস্কার পাবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে এক বা একাধিক ট্রানজেকশনে বিকাশ অ্যাকাউন্টে আসা অর্থের পরিমাণ দিনে ১৫,০০০ টাকার বেশি হতে হবে। ক্যাম্পেইন শেষে বিজয়ীদের কাছে পুরস্কারের মোবাইল ফোন তুলে দেওয়া হবে।

পাশাপাশি নতুন এই সেবা চালু হওয়া উপলক্ষ্য প্রতিবার পেওনিয়ার থেকে বিকাশে ট্রানজেকশনে ২% ইন্সট্যান্ট ক্যাশব্যাকও দিচ্ছে বিকাশ। ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবেন ফ্রিল্যান্সাররা।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “দক্ষ মানব সম্পদ আমাদের সবচেয়ে বড় শক্তি। যে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার কাজ করছে, তারা বিশ্বের অনলাইন আউটসোর্সিংয়ে ১৬ শতাংশ অবদান রাখছে। অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউট এর গবেষণায় উঠে এসেছে, অনলাইন আউটসোর্সিং এ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম গন্তব্য। গত ১৩ বছরে সরকারের বিভিন্ন ধরনের উদ্যোগ ও নীতি সহায়তায় ২০ লাখ তরুণ-তরুণীর প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান তৈরি হয়েছে, যা আরও সম্প্রসারণের জন্য কাজ করছি আমরা।”

পেওনিয়ারের চিফ রেভিনিউ অফিসার রবার্ট ক্লার্কসন বলেন, “সম্ভাবনাময় বাংলাদেশি উদ্যোক্তাদের ওপর বরাবরই আমাদের আস্থা রয়েছে। বিকাশের সাথে এই অংশীদারিত্ব আমাদের বিনিয়োগ ও স্থানীয় গ্রাহকদের সেরা সেবা দেওয়ার প্রতিশ্রুতিকেই ব্যক্ত করে। আমাদের অন্যতম লক্ষ্য হলো বিশ্বের প্রতিটি প্রান্তে সব ধরনের ডিজিটাল ব্যবসায় প্রবৃদ্ধির অংশ হওয়া। বিকাশ ও ব্র্যাক ব্যাংকের মতো শীর্ষ দুটি প্রতিষ্ঠানের সাথে অংশীদার হয়ে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত।”

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, “ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সরাসরি ও তাৎক্ষণিকভাবে বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে এই উদ্যোগ। এই সেবা দেশের ফ্রিল্যান্সারদের পেমেন্ট গ্রহণ করার পথ যেমন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে, সেই সাথে দেশে বৈধ পথে রেমিটেন্স প্রবাহকে আরও বৃদ্ধি করবে। আমরা এক সাথে বাংলাদেশকে বিশ্বের ফ্রিল্যান্সিং খাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে এবং এ খাতের বৈদেশিক আয় বাড়াতে ভূমিকা রাখতে পারি।”

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “বাংলাদেশের যে ডিজিটাল অবকাঠামো তৈরি হয়েছে, তার সর্বোচ্চ সুবিধা নিয়ে বিশ্ববাজারে দেশের ফ্রিল্যান্সিংকে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে। রেগুলেটেড পদ্ধতিতে ক্লায়েন্টদের কাছ থেকে সহজে পেমেন্ট পাওয়ার এই পদ্ধতি ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের পেমেন্ট সংক্রান্ত জটিলতা দূর করবে।”