২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ-আরএফএলের শিল্পপার্কে দক্ষিণ সুদানের দুই মন্ত্রী

দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক ও প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল চোল থন বালোকসহ দেশটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল নরসিংদীতে প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 09:17 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

বৃহস্পতিবার তারা প্রাণ-আরএফএল শিল্পপার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন বলে বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আফ্রিকার দেশটির দুই মন্ত্রীকে কারখানা ঘুরে দেখান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ ‍সুদানের প্রতিনিধি দল কারখানার সার্বিক কর্মকাণ্ড দেখে প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন।

দেং দাউ দেং মালেক বলেন, দক্ষিণ সুদানে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে। এক্ষেত্রে প্রাণ সে সুযোগ কাজে লাগাতে পারে। কারখানায় মানসম্পন্ন পণ্য উৎপাদনে প্রাণ-আরএফএল গ্রুপের নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, “আফ্রিকা মহাদেশের ৪৭টি দেশে প্রাণের পণ্য রপ্তানি হচ্ছে এবং সেখানে আমাদের পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। আমরা আগামীতে দক্ষিণ সুদানে পণ্য রপ্তানিতে ভালো করবো বলে আশা করছি।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) মো. তরিকুল ইসলম, ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ প্রাণ-আরএফএল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।