২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসে কর কমানোর দাবি জানাল এমসিসিআই

আগামী বাজেটে উৎসে কর হার কমানোর দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এমসিসিআই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 11:06 PM

Updated : 28 Apr 2022, 11:37 PM

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় আরওকয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম।

তিনি বলেন, “গত দুই অর্থবছরে ২ দশমিক ৫ শতাংশ পয়েন্ট করে ৫ শতাংশ পয়েন্ট পর্যন্ত কর্পোরেট কর হার কমানো হয়েছে।

“কিন্তু অননুমোদিত ব্যয় এবং উৎসে কর এতো বেশি যে, আমরা ব্যবসায়ীরা এই কর্পোরেট কর হার কমানোর সুবিধা ভোগ করতে পারছি না।”

তিনি বলেন, “এই দুই ক্ষেত্রে কর- ক্ষেত্র বিশেষে ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হয়ে যায়। সুতরাং উৎসে কর কমানোর বিষয়টি ভেবে দেখার প্রস্তাব করছি।”

বিভিন্ন পণ্য সরবরাহ, কৃষিজাত নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ, কাঁচামাল, সঞ্চয়পত্র, ব্যাংকের আমানতের সুদ, বিদেশে কনসালটেন্সিসহ বিভিন্ন প্রকার সেবার ফি পাঠানো, আমদানি ও রপ্তানি পর্যায়সহ বিভিন্ন ক্ষেত্রে উৎসে কর নেওয়া হয়। এনবিআর বলছে, দেশে যত আয়কর আদায় হয়, তার ৭০ শতাংশের বেশি আসে উৎস পর্যায় থেকে।

ক্ষেত্র ও পণ্য ভেদে উৎসে কর শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত নেওয়া হয়।

রাজস্ব সংক্রান্ত কার্যক্রম, বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অনলাইন শুনানি চালু করা, সম্পূরক শুল্ক প্রত্যাহার, অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল আরও সহজ করার প্রস্তাবও সাইফুল ইসলাম আলোচনায়তুলে ধরেন।

এমসিসিআই তাদের সার্বিক বাজেট প্রস্তাবে আয়কর বিষয়ে ৪৪টি, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বিষয়ে ৩৩টি এবং কাস্টমস আইন বিষয়ে ৮টি সুপারিশ করেছে।

আলোচনায় এমসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যারিস্টাররনিহাদ কবির বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে কর্পোরেট কর কমানোর ধারাবাহিকতা থাকা দরকার।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল হওয়ার পর দেশের রাজস্ব নীতি কী হবে, সেজন্য গবেষণার ওপর গুরুত্ব আরোপ করে তিনি আগামী বাজেটে এজন্য আলাদা বরাদ্দ রাখার প্রস্তাব করেন।

উৎপাদনমুখী শিল্পে যেখানে বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, সেখানে বিশেষ কর সুবিধা দেওয়া আহ্বান জানানএমসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জু।

আন্তর্জাতিক বাজারে সক্ষমতা বাড়াতে রপ্তানি খাতে একই ধরনের নীতি সুবিধার ওপর গুরুত্ব দিয়ে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শ দেন।

তিনি বলেন, “আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, যারা কর দিচ্ছে, শুধু তাদের ওপর চাপ দেওয়া থেকে সরে আসুন। নতুন করদাতা বের করুন।”

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, “পরপর দুই অর্থবছর করপোরেট কর কমানো হয়েছে। বর্তমানে কর্পোরেট কর ৩০ শতাংশ বলা হলেও বিশেষ বিবেচনায় তৈরি পোশাক, চামড়া, ইপিজেডের প্রতিষ্ঠানে ছাড় আছে।”

আগামী বাজেটেও মেইড ইন বাংলাদেশের ধারণা অব্যাহত থাকার আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, ”রাজস্ব প্রশাসন সহজ হবে। রাজস্ব আদায় করবে মেশিন। আর কর্মকর্তারা গবেষণা করবে।”

তিনি বলেন, “এরপরও এনবিআর মনে করে, কর্পোরেট কর আরও কমানোর যৌক্তিকতা আছে। কিন্তু সেক্ষেত্রে রাজস্ব কমে যাওয়ার ঝুঁকি আছে। সেজন্য একবারে অনেক কমিয়ে স্থির করা যাবে না। তবে এনবিআর আশা করে, স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে কর সমস্যার অনেক সমাধান হবে।”

ঢাকার সেগুনবাগিচার এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এআলোচনায় এনবিআর সদস্য মাসুদ সাদিক (শুল্ক নীতি), জাকিয়া সুলতানা (ভ্যাট নীতি) এবং সামসুদ্দিন আহমেদ (আয়কর নীতি) উপস্থিত ছিলেন।