এসআইবিএলের নতুন চেয়ারম্যান মাহবুব, এমডি জাফর
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহবুব-উল-আলম। আর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মো. জাফর আলম।
মঙ্গলবারের পর্ষদ সভায় বেসরকারি ব্যাংকটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এদিন যোগও দিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব।
মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এসআইবিএল।
এর আগে গত ১৩ ডিসেম্বর পর্ষদ সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জাফর আলমকে মনোনয়ন দেওয়া হয়।
এরপর নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর মঙ্গলবার তিনি ব্যাংকটিতে এমডি ও সিইও হিসেবে যোগ দেন।
নতুন চেয়ারম্যান মাহবুব ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি হিসেবে অবসরে যাওয়ার পর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিজ্ঞ এ ব্যাংকার ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকটির বিভিন্ন বিভাগের প্রধান এবং বিভিন্ন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাহবুব যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরির ওয়ার্ল্ড ইসলামিক ব্যাংকিংয়ে বেস্ট ইমার্জিং সিইও ২০১৮ এবং সিইও অব দ্য ইয়ার ২০১৯ অ্যাওয়ার্ড লাভ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ফান্সের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হতে ব্যাংকিংয়ে প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট লাভ করেন।
নতুন এমডি জাফর আলম এর আগে বাংলাদেশ কমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসআইবিএলের উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯২ সালে ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩০ বছরের পেশাগত জীবনে তিনি রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ছয়টি শাখার ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
