২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের রানীরহাটে ইসলামী ব্যাংকের নতুন শাখা

চট্টগ্রামের রানীরহাটে নতুন শাখা খুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 08:31 PM

Updated : 25 Jul 2022, 05:27 PM

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রানীরহাটে ব্যাংকটির ৩৮৪তম শাখা উদ্বোধন করে ব্যাংকের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো মিজানুর রহমান ভুইঁয়া ও মিফতাহ উদ্দীন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান বলেন, “১৯৭৪ সালে দ্বিতীয় ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগ দেন। সেখানে সিদ্ধান্ত হয় মুসলিম দেশসমূহের আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠার।

“ওআইসি দেশসমূহের অর্থমন্ত্রীদের সম্মেলনে বঙ্গবন্ধুর সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ আইডিবি সনদ স্বাক্ষর করেন। এরই ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি নানা চেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের বলিষ্ঠ ভূমিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৯৮৩ সালের ৩০ মার্চ যাত্রা শুরু করে।”

এই ব্যাংকের গ্রাহক সংখ্যা এক কোটি ৬০ লাখ বলেও জানান তিনি।

ব্যাংকের এমডি মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক ২০২০-২১ কর বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক কতৃর্ক সাসটেইনেবিলিটি র‌্যাংকিং এ টেকসই ব্যাংকের স্বীকৃতি পেয়েছে।

অন্যদের মধ্যে ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণাঞ্চল প্রধান মো. ইয়াকুব আলী এবং কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।