২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশপ্রেমিকদের সম্মাননা দেবে প্রাণ চিনিগুড়া চাল

নিজ পেশায় থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের মাধ্যমে দেশগড়ার কাজে অবদান রেখে যাওয়া দেশপ্রেমিকদের সম্মান জানাতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে দেশি খাদ্যপণ্যের প্রতিষ্ঠান ‘প্রাণ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 09:08 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

বিজয়ের ৫০ বছর উপলক্ষে প্রাণের সুগন্ধী চালের ব্র্যান্ড ‘প্রাণ চিনিগুড়া চাল’ প্রথমবারের মতো এ ক্যাম্পেইনের আয়োজন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে এসব দেশপ্রেমিকের খোঁজ করে তাদের মধ্য থেকে সেরা পাঁচজনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাণ।

১৬ ডিসেম্বর থেকে শুরু এ ক্যাম্পেইন চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে ‘প্রাণ চিনিগুড়া চাল আমার যত্নে আমার দেশ’ নামে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

তিনি বলেন, “আমাদের আশেপাশে এমন অনেক চিকিৎসক আছেন যারা স্বল্প খরচে বছরের পর বছরের রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, অনেক শিক্ষক আছেন যারা নিরলসভাবে কাজ করে একটি পিছিয়ে পড়া সমাজ গঠনে নেতৃত্ব দিচ্ছেন, একজন কৃষক যিনি বিশেষ পদ্ধতিতে ধান চাষে অধিক সাফল্য পেয়েছেন ও অন্যরা তাকে অনুসরণ করছেন।

“এমন কৃষক, শিক্ষক, পুলিশ, চিকিৎসক, গবেষক, সমাজকর্মী ও বিভিন্ন পর্যায়ে কর্মরত দেশপ্রেমিকদের সম্মান জানাতে আমাদের এই আয়োজন।”

নিজের কিংবা অন্য কারও এসব উদাহরণ সৃষ্টি করা দেশপ্রেমিকদের সম্পর্কে প্রাণ চিনিগুড়া চালের ফেইসবুক পেইজে গল্প শেয়ার করে এ ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রাণ চিনিগুড়া চালের নির্বাহী পরিচালক নাসের আহমেদ, মহাব্যবস্থাপক (মার্কেটিং) অরুনাংশু ঘোষ এবং হেড অব মার্কেটিং মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।