গুলশানে লিক্সিলের এক্সপেরিয়েন্স সেন্টার চালু
জাপানি স্যানিটারি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লিক্সিলের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার চালু হয়েছে গুলশানে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রেতারা এ কেন্দ্র থেকে লিক্সিলের স্যানিটারি ওয়্যার কিনতেও পারবেন।
গত শনিবার বাংলাদেশে লিক্সিল পণ্যের একমাত্র পরিবেশক তিলোত্তমা বাংলা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে নতুন এ এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মুবাশ্বের হুসেইন, আর্কএশিয়া প্রেসিডেন্ট ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ডিন অধ্যাপক আবু সায়্যিদ এম আহমেদ, তিলোত্তমা বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহরিয়ার সাজ্জাদ, লিক্সিল ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের মনজুরুল হক ও সারওয়ার এইচ সামীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিক্সিল বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর একটি, যা বর্তমানে ১৫০টি দেশে মোট ৫৫ হাজার কর্মচারী নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে ।
এসবিসিসিআই সভাপতি বলেন “উপযুক্ত পরিবেশ, দক্ষ জনবল, অন্যতম বৃহৎ বাজারের কারণে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের জায়গা। বিশ্বের নামী ব্র্যান্ডগুলো ধীরে ধীরে বাংলাদেশের বাজারে প্রবেশ করছে। তেমনি তিলোত্তমা বাংলা গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করলো লিক্সিল গ্রুপ।
“আশা করি লিক্সিল খুব শীঘ্রই বাংলাদেশে কারখানা স্থাপনের মাধ্যমে স্যানিটারি পণ্য তৈরি করে রপ্তানি করবে, মেইড ইন বাংলাদেশকে ছড়িয়ে দেবে বিশ্বজুড়ে।”
উদ্বোধনী বক্তব্যে তিলোত্তমা বাংলা গ্রুপের সিইও বলেন, নান্দনিক ডিজাইন আর দীর্ঘস্থায়ী লিক্সিল পণ্য বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে তিলোত্তমা বাংলা গ্রুপ। “আমাদের নতুন এই এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম তৈরি হল।”
