২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে ২৫ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা

জীবন বিমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্সুরেন্সের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 01:17 AM

Updated : 02 Aug 2022, 06:41 PM

২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৫ বছরে ভ্যাট ফাঁকি ও জরিমানাসহ এই বিপুল অর্থ ফাঁকির অভিযোগে বৃহস্পতিবার ভ্যাট আইনে মামলাটি হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানায়, ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঁচ বছরে স্বাস্থ্য বিমার উপর ১ কোটি ৯ লাখ ৭৬ হাজার টাকা ভ্যাট পরিশোধ করেছে ডেল্টা লাইফ। কিন্তু প্রতিষ্ঠানটির প্রদেয় ভ্যাটের পরিমাণ ছিল ৯ কোটি ৭৮ লাখ টাকা।

“এতে অপরিশোধিত ভ্যাট বাবদ প্রায় ৮ কোটি ৬৮ লাখ ৭৬ হাজার টাকার ফাঁকি উদঘাটন করা হয়। এই ফাঁকির উপর ভ্যাট আইন অনুসারে মাস ভিত্তিক ২ শতাংশ হারে ১০ কোটি ১ লাখ টাকা সুদ হিসেবে প্রযোজ্য হবে।”

উৎসে ভ্যাট হিসেবে ৬ কোটি ৩৪ লাখ টাকা ডেল্টা লাইফ পরিশোধ করলেও এতে প্রদেয় ভ্যাটের পরিমাণ ৯ কোটি ২২ লাখ টাকা ছিল। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির অপরিশোধিত ভ্যাট ২ কোটি ৯৫ লাখ টাকা।

উৎসে কর্তনের উপর প্রযোজ্য এই ফাঁকিকৃত ভ্যাটের উপর ভ্যাট আইন অনুসারে মাস ভিত্তিক ২ শতাংশ হারে ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা সুদ যোগ হয়েছে বলে ভ্যাট গোয়েন্দারা জানান।

অন্যদিকে, প্রতিষ্ঠানটির স্থান ও স্থাপনার  ভাড়ার বিপরীতে ৩ কোটি ১৮ লাখ টাকা পরিশোধ করেছে। কিন্তু এক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ভ্যাট বাবদ প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা ফাঁকি দিয়েছে বলে তদন্তকারীরা জানায়। 

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে ডেল্টা লাইফের সর্বমোট অপরিশোধিত ভ্যাটের পরিমাণ ১১ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকা এবং এর সঙ্গে সুদ ১৩ কোটি ৫৮ লাখ টাকা যোগ হয়ে ২৫ কোটি ৩৪ লাখ টাকা পাওনা দাঁড়িয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভ্যাট গোয়েন্দার এই প্রতিবেদন সম্পর্কে আমাদের জানানো হয়েছে। এটা ভুল বোঝাবুঝি থেকে কর কম কাটা হয়ে থাকতে পারে। যেমন কোনো খাতে সাড়ে ৪ শতাংশ কর কাটতে হয়। আমাদের সেখানে হয়ত ১ দশমিক ৫০ শতাংশ কাটা হয়েছে। এভাবে কম কর দেওয়া হতে পারে।”

এনবিআর দাবি করলে অর্থ পরিশোধ করে দেওয়া হবে বলে জানান তিনি।