পণ্য ডেলিভারি ব্যবসায় ফুডপ্যান্ডা
দেশে অনলাইনে অর্ডারভিত্তিক খাবার সরবরাহ করে পরিচিতি পাওয়া ফুডপ্যান্ডা অন্যান্য পণ্য ডেলিভারির সেবা দিচ্ছে।
এ জন্য ‘প্যান্ডাগো’ নামে একটি লজিস্টিক সার্ভিস সল্যুউশন প্ল্যাটফর্ম চালুর কথা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্বল্প সময়ে সারাদেশে একযোগে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে এ প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ফুড ও গ্রোসারি ডেলিভারির প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।
ফুডপ্যান্ডা বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের সিদ্দিকী বলেন, বছরের পর বছর ধরে ফুডপ্যান্ডা একটি শক্তিশালী ও কার্যকর লজিস্টিক অবকাঠামো গড়ে তুলেছে। এখন আমরা এ অবকাঠামোকে খাদ্য ও গ্রোসারি পণ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিস্তৃত করতে চাই।
“ফলে বিভিন্ন আকারের ব্যবসা প্রতিষ্ঠান, যারা একটি নির্ভরযোগ্য অন ডিমান্ড ডেলিভারি সেবা খুঁজছেন তারাও এ সেবা নিতে পারবেন।”
এখন পর্যন্ত প্রায় চার হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান প্যান্ডাগো প্ল্যাটফর্মে সাইন আপ করেছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, এগুলোর মধ্যে অনেক প্রতিষ্ঠানই ইতোমধ্যে তাদের পণ্য ডেলিভারির জন্য নিয়মিত প্যান্ডাগো ব্যবহার করছে।
এতে বলা হয়, সাধারণত প্রচলিত ডেলিভারি সার্ভিসের চেয়ে তারা স্বল্প সময়ে পণ্য পৌঁছে দেবে।
“দূরত্বের ওপর নির্ভর করে পিক আপের পর এক ঘণ্টারও কম সময়ে পণ্য ডেলিভারি দেবে প্যান্ডাগো।“
প্যান্ডাগোর সেবা ব্যবহারে কোনো কমিশনও দিতে হয় না জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে নিবন্ধিত নয় এমন ব্যবসা প্রতিষ্ঠানও দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিস পেতে ফুডপ্যান্ডার অফিসিয়াল ফেইসবুক পেজের মাধ্যমে সাইন আপ করতে পারবে।
একজন প্রতিনিধি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে প্যান্ডাগোতে সেই প্রতিষ্ঠানের একটি অ্যাকাউন্ট তৈরি করে দেবেন, যা ব্যবহার করে তারা গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিতে প্রয়োজন অনুযায়ী রাইডার রিকুয়েস্ট করতে পারবেন।
‘পে-পার-ইউস’ ভিত্তিতে ব্যবসায়ীরা প্যান্ডাগো ব্যবহার করতে পারবেন। এ প্ল্যাটফর্মে বেসিক চার্জ ৬০ টাকা ধরে দূরত্বভেদে ডেলিভারি ফি নির্ধারণ করা হয়। তবে বিভিন্ন শহরের জন্য ডেলিভারি চার্জ আলাদা হয়ে থাকে।
লেনদেনের তদারকি ও স্বচ্ছতা নিশ্চিতের জন্য এখানে রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম। পাশাপাশি প্যান্ডাগো ব্যবহারের ফলে গ্রাহকরা একটি ট্র্যাকিং লিংকের সাহায্যে তাদের পার্সেলের অবস্থানও জানতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া যেসব প্রতিষ্ঠান তাদের পণ্য ডেলিভারির জন্য থার্ড পার্টি ডেলিভারি প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে কিংবা যেসব রেস্তোরাঁ ব্যবসায়ীদের নিজস্ব ডেলিভারি সক্ষমতা আছে তারাও চাহিদা বাড়লে জরুরিভিত্তিতে দ্রুত পণ্য ডেলিভারি দিতে প্যান্ডাগো ব্যবহার করতে পারবেন বলে জানায় ফুডপ্যান্ডা।
