২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিন: ফরাসিদের প্রতি প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগের যে সুবিধা সরকার করে দিয়েছে, তার সুযোগ নিতে ফরাসি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোলাম মুজতবা ধ্রুব

প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 10:03 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

ফ্রান্স সফররত প্রধানমন্ত্রী বুধবার দেশটির ব্যবসায়ীদের সংগঠন এমইডিইএফের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশে ফরাসি বিনিয়োগ তুলনামূলকভাবে এখনও কম। আমি ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো খুঁজে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

“আমাদের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সরাসরি আমার দপ্তরে রিপোর্ট করে। আপনাদের সাধ্যমতো সহযোগিতা করতে পারলে আমি খুশি হব।”

একজন বাংলাদেশি ব্যবসায়ীকে অংশীদার করে বাংলাদেশে বিনিয়োগ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

“আপনি আপনার প্রবেশ সহজ করতে একজন স্থানীয় অংশীদার খুঁজে নিতে পারেন। বাংলাদেশের সাথে দীর্ঘ মেয়াদে একটি অংশীদারিত্ব গড়ে তুলতে আপনাকে ভাল পরামর্শ দেওয়া হবে। আমি নিশ্চিত যে আপনি আপনার বিনিয়োগের ফল পাওয়ার সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী হবেন।”

বাংলাদেশ-ফ্রান্স বিজনেস কাউন্সিল গঠন করার জন্য এমইডিইএফকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে অংশীদারিত্ব বাড়ানোর এই প্রক্রিয়াকে বাংলাদেশ সরকার উৎসাহিত করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্মত হয়েছি। এটা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বেও প্রতিফলিত হওয়া উচিত। তা বাস্তবায়নে আপনাদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করছি।”

পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশই যাতে উপকৃত হতে পারে, সেজন্য ব্যবসা প্রসারের উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানাতে প্রস্তুত বলে জানান শেখ হাসিনা।

বৈঠকে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগের একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যেও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ২১ শতাংশ, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ।

আগামী বছরের মার্চের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে কোভিড-১৯ টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ২৮টি হাই-টেক পার্ক স্থাপনের কথাও বলেন তিনি।

বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে ‘বিশ্ব নাগরিক’ হিসেবে গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আইটি ফ্রিল্যান্সার এখন বাংলাদেশে কাজ করছে। কিছু স্টার্ট-আপ বড় বড় আন্তর্জাতিক বিনিয়োগ পাচ্ছে।

বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা আর্থ-সামাজিক প্রবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ভূখণ্ড এখন কিছু প্রতিবেশী দেশগুলোর তুলনায় তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং নিরাপদ।”

তিনি বলেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রে পরিণত করার জন্য তার সরকার কাজ করছি। প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে সেতু হিসেবে কাজ করার জন্যও বাংলাদেশের অবস্থান ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনা বলেন, “আমি ২০১৭ সালে প্যারিসে যা বলেছিলাম তা আবারও বলছি, ফ্রান্সকে তার প্রবৃদ্ধি ধরে রাখতে বিনিয়োগ করতে হবে এবং প্রবৃদ্ধি গতিশীল করার করার জন্য বাংলাদেশের বিনিয়োগ প্রয়োজন। এক হয়ে কাজ করলে অর্থনৈতিক দিক থেকে দুই পক্ষই উপকৃত হবে।”

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ধীরে ধীরে বাড়ার চিত্র তুলে ধরে তিনি বলেন, এই বাণিজ্য প্রায় ২ বিলিয়ন ডলারের কাছাকাছি। ফ্রান্স এখন বাংলাদেশের পঞ্চম বৃহত্তম রপ্তানি গন্তব্য।

“২০২৫ সালের মধ্যে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য রাখতে হবে। ফ্রান্সে আমাদের পণ্য রপ্তানিতে আরও বৈচিত্র্য আনতে হবে।”

বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে ফরাসি প্রতিষ্ঠানের যুক্ত থাকার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “একটি ফরাসি কোম্পানির প্রযুক্তিগত সহায়তায় আমরা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি করেছি। দুটো গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনও স্থাপন করা হয়েছে। আমরা আমাদের দ্বিতীয় স্যাটেলাইটের পরিকল্পনা শুরু করেছি।”

তিনি বলেন, বাংলাদেশের এয়ার নেভিগেশন সিস্টেম ফরাসি প্রযুক্তি দিয়ে চলছে, দেশের একটি তেল শোধনাগার সম্প্রসারণসহ দেশের জ্বালানি খাতে ফরাসিদের দক্ষতার ব্যবহার হচ্ছে।

“আমরা আমাদের পানি উন্নয়ন খাতে ক্রমাগত ফরাসি বিনিয়োগের প্রশংসা করি। কৃষি প্রক্রিয়াকরণও সহযোগিতার আরেকটি ক্ষেত্র হতে পারে।”

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বছরে ফ্রান্সে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স ও তাদের জনগণের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।