খুলনায় যাচ্ছে মিনিসো
খুলনায় ফ্রাঞ্চাইজির মাধ্যমে নতুন শাখা চালু করতে যাচ্ছে ফ্যাশন পণ্যের ব্র্যান্ড মিনিসো বাংলাদেশ।
সম্প্রতি রাজধানীর নিকুঞ্জের লোটাস কামাল টাওয়ারে মিনিসো বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ইভিন্স গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক ও মিনিসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শবনম শেহনাজ চৌধুরী এবং মিনিসো খুলনার ফ্রাঞ্চাইজির কর্ণধার আবু শাহরিয়াদ (মিতুল) চুক্তিতে সই করেন।
বর্তমানে ঢাকায় ১৩টি এবং চট্টগ্রামে মিনিসোর একটি আউটলেট রয়েছে। এর সঙ্গে খুলনার নতুন আউটলেটটি যুক্ত হতে যাচ্ছে।
তাছাড়া প্রতিটি বিভাগের পাশাপাশি সম্প্রতি সিলেট, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহে আরও আউটলেট খোলা হবে বলে জানিয়েছে মিনিসো কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে শবনম শেহনাজ বলেন, “মিনিসো বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রমবর্ধমান ব্র্যান্ড। বাংলাদেশেও একটি প্রতিষ্ঠিত নাম। চমৎকার সব পণ্যের ডিজাইন ও গুণগত মানের কারণে ক্রেতাদের কাছেও মিনিসো খুব জনপ্রিয়।
“পণ্যের মান, সহজলভ্য ও সাধ্যের মধ্যে হওয়ায় মিনিসো করোনাভাইরাস মহামারীর সময়েও বাংলাদেশে বৈচিত্র্যময় পণ্যের চাহিদা পূরণ করেছে। সেই চাহিদার ভিত্তিতেই সারা বাংলাদেশে আমাদের বিশ্ববিখ্যাত মিনিসো আউটলেট খোলার জন্য ফ্র্যাঞ্চাইজিদের স্বাগত জানাচ্ছি।”
অনুষ্ঠানে ইভিন্স গ্রুপ ও মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ্ আদিব চৌধুরী ও শাহ্ রাঈদ চৌধুরী, মিনিসো বাংলাদেশের পরিচালক চৌধুরী আসিফুজ্জামান, হেড অব কান্ট্রি অপারেশন ব্রুস সাইসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
