টেকসই সুতা তৈরিতে স্কয়ারকে অর্থায়ন স্ট্যান্ডার্ড চার্টার্ডের
স্কয়ার টেক্সটাইলসকে টেকসই সুতা বানাতে অর্থায়ন করেছে বহুজাতিক বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর মাধ্যমে স্থানীয়ভাবে এই প্রথম ‘টেকসই ট্রেড ফাইন্যান্স’ লেনদেন সম্পন্ন করল তারা।
স্কয়ার টেক্সটাইলস বেটার কটন ইনিশিয়েটিভ (বিসিআই) উৎপাদনকারী সদস্যদের থেকে উন্নত মানের তুলা সংগ্রহ করে টেকসই সুতা তৈরি করে।
মাটির উর্বরতা, উন্নত সেচ ব্যবস্থা, নির্গমন হ্রাসসহ অন্যান্য সামাজিক কাজে ও প্রচারে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছে তাদের নিবন্ধন ও স্বীকৃতি দিয়ে থাকে বিসিআই।
দেশের তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান বিসিআইর সদস্য। তারা টেকসইভাবে উৎপাদিত সুতা দিয়ে কাপড় তৈরি করে বিশ্ববাজারে বিক্রি করে থাকে।
ইকোটেক্স লিমিটেড টেকসই সুতা চেয়েছিল স্কয়ার টেক্সটাইলসের কাছে। স্কয়ার টেক্সটাইলস তাদের তা তৈরি করে দেবে।
সেই উদ্যোগে সহায়তা দিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, “স্কয়ার টেক্সটাইলস এবং ইকোটেক্সের মধ্যকার এই নতুন সূচনায় অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। বাংলাদেশি টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পে এই লক্ষ্য বাস্তবায়নে এটি একটি বড় পদক্ষেপ।
“এখানে স্কয়ার টেক্সটাইলস ও ইকোটেক্সের মতো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নির্মাতাদের টেকসই ট্রেড ফাইন্যান্সের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে আমি মনে করি।”
স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান তপন চৌধুরী বলেন, “যে কোনো উৎপাদন ব্যবসায় পরিবেশ দূষণমুক্ত ও টেকসই করা হল মূল বিবেচ্য বিষয়। দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান হিসেবে পণ্য টেকসই করা নিশ্চিতে আমরা মোটা অংকের বিনিয়োগ করেছি।
“আমরা বিসিআইর উৎপাদনকারী সদস্যদের কাছ থেকে টেকসই তুলা সংগ্রহ করে সুতা বানিয়ে রপ্তানিকারকদের নিকট বিক্রয় করছি। এইভাবে আমরা টেক্সটাইল ও গার্মেন্টসের এন্ড-টু-এন্ড সাপ্লাই চেইন জুড়ে অবদান রাখছি।”
তিনি আরও বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ডকে পাশে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। তাদের টেকসই ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম দ্বারা আমরা বেশ উপকৃত হয়েছি।”
