২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগদ’র সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মোবাইল ব্যাংকিং সেবায় অপরাধ শনাক্ত, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ‘নগদ’ এর আয়োজনে একটি সচেতনতামূলক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 10:39 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘আইডেন্টিফিকেশন অ্যান্ড কন্ট্রোল অব মোবাইল ফাইন্যান্স রিলেটেড অর্গানাইজড ক্রাইম’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এতে উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডাক বিভাগের মহাপরিচালক বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘নগদ’ এর সর্বস্তরের কর্মকর্তারা গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা ও সুরক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্তকরণ এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন।

কর্মশালায় নগদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, শুরু থেকেই নগদ দেশের আর্থিক খাতের ডিজিটালাইজেশনের জন্য কাজ করে যাচ্ছে। নগদ এর চেষ্টার একটি বড় অংশ জুড়ে থাকে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার।

স্বচ্ছতার সঙ্গে ২০২১ সালে সামাজিক সুরক্ষা ভাতা তহবিলের ৭৫ শতাংশ ভাতা সফলভাবে বিতরণ করেছে তাদের প্রতিষ্ঠানটি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্পর্কে ধারণা লাভ করতে এ ধরনের কর্মশালা ও প্রশিক্ষণ অপরিহার্য।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এসময় নগদ এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাওসার সওকত আলী ও মহাব্যবস্থাপক এলইএ ডিআইজি (অব.) মাহবুব উপস্থিত ছিলেন।