ডোরিনের বিদ্যুৎকেন্দ্র: সিটি ব্যাংকের নেতৃত্বে ৭৪২ কোটি টাকার ঋণ
ডোরিন গ্রুপের একটি বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের উন্নয়নে ‘লিড অ্যারেঞ্জার’ হিসেবে মোট ৭৪২ কোটি টাকার সিন্ডিকেট ঋণ জোগাড় করে দিয়েছে বেসরকারি খাতের সিটি ব্যাংক।
তিন ব্যাংকের এ সিন্ডিকেশন ঋণের আয়োজনে সিটি ব্যাংক নেতৃত্ব দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
সিন্ডিকেটের অংশ হিসেবে ডোরিন গ্রুপের এ প্রকল্পে সিটি ব্যাংক নিজস্ব তহবিল থেকে ২১৭ কোটি টাকার দীর্ঘমেয়াদী ঋণ দেবে। আর এ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টির বিপরীতে ৫২৫ কোটি টাকা ঋণ দেবে ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংক
সম্প্রতি একটি হোটেলে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন্স লিমিটেড, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংক এ বিষয়ক চুক্তি করে।
ঋণ চুক্তির সমাপনী অনুষ্ঠানে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকী এমপি, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী ও ইস্টার্ন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন্সের সিইও মোস্তফা মইন, সিটি ব্যাংকের পাবলিক সেক্টর-পিপিপি-সার্ভিস সেক্টর ক্লাস্টার হেড মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও হেড অব স্ট্রাকচার্ড ফিন্যান্স মাহবুব জামিল।
মানিকগঞ্জের সিংগাইরে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন্সের ১৬২ মেগাওয়াট সক্ষমতার হেভি ফুয়েল অয়েল (এইচএফও) ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ২০২০ সালের ডিসেম্বরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।
