রিপোর্টারদের পুরস্কার দেবে ‘নগদ’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’র সহযোগী হল মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।
‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’-এর কর্মসূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ‘নগদ’ ও ডিআরইউ যৌথভাবে এবারের পুরস্কার কর্মসূচি ঘোষণা করে।
এতে জানানো হয়, এ বছর প্রিন্ট-অনলাইন, টেলিভিশিন ও রেডিও দুই ভাগে ২২টি ক্যাটাগরিতে সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হবে। দেশের ১০ জন জ্যেষ্ঠ সম্পাদক জমা পড়া রিপোর্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা রিপোর্ট নির্বাচন করবেন। পরে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে।
সংগঠনের সদস্যদের গত ১ অক্টোবর ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে তাদের প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডে মনোনয়নের জন্য জমা দিতে হবে। রিপোর্ট জমা দেওয়ার শেষ সময় ৮ অক্টোবর রাত ৮টা।
এরপর কোনো অবস্থায় আর সময় বৃদ্ধি করা হবে না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিআরইউ সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, ‘নগদ’-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক মাইনুল হাসান সোহেল এসময় উপস্থিত ছিলেন।
‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, “ডিআরইউ-এর মতো সংগঠনের সঙ্গে মিলে এক বছরের সেরা রিপোর্ট নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত থাকা আমাদের জন্য একটি বড় সুযোগ। আমরা এই সুযোগ হাত ছাড়া করতে চাইনি। আমরা সব সময়ই দায়িত্বশীল ও জনকল্যাণকর সাংবাদিকতার পক্ষে। ভবিষ্যতেও আমাদের এই অবস্থান থাকবে। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দেশের সাংবাদিকতার উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে।”
