সৈয়দপুরে যাত্রীদের বিনা ভাড়ায় ‘শাটল’ সেবা দেবে নভোএয়ার
রংপুর ও দিনাজপুরের যাত্রীদের সৈয়দপুর বিমানবন্দরে যাওয়া আসার সুবিধার জন্য বিনা ভাড়ায় ‘শাটল’ (গাড়ি) সেবা চালু করেছে বেসরকারি খাতের বিমান পরিবহন সংস্থা নভোএয়ার।
এর ফলে রংপুর, দিনাজপুর ও আশাপাশের এলাকার যাত্রীদের মধ্যে যারা নভোএয়ারে ভ্রমণ করবেন, তাদের আর সৈয়দপুর বিমানবন্দরে যেতে বা আসতে আলাদা করে গাড়ি ভাড়ার ঝামেলা পোহাতে হবে না।
নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরে তাদের সেলস অফিস থেকে সকাল ৬টা ৫০ মিনিট, ৯টা ৩৫ মিনিট, দুপুর ১২টা ৩৫ মিনিট, বিকাল ৫টা ২০ মিনিট এবং ৬টা ৫০ মিনিটে শাটল গাড়ি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। আর সৈয়দপুর বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
দিনাজপুরে নভোএয়ার সেলস অফিস থেকে সকাল ৬টা ৪৫ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট এবং বিকাল ৫টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে গাড়ি। সৈয়দপুর বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এসব ট্রিপ শাটল সার্ভিস হিসেবে গণ্য হবে এবং আলাদা কোনো ভাড়া লাগবে না বলে জানিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।
নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রীদের আরও আরামদায়ক ও সাশ্রয়ী বিমান ভ্রমণ নিশ্চিত করার জন্য নভোএয়ার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।”
সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৮টা ৪০ মিনিটে, সকাল ১১টা ৪০ মিনিটে, বিকাল ২টা ৪০ মিনিটে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এবং রাত ৯টায় ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করে নভোএয়ার।
রংপুর থেকে বিনামূল্যে শাটল সার্ভিসের সুবিধা পেতে ০১৭০৮১৩২৬৪১ নম্বরে এবং দিনাজপুর থেকে ০১৭৫৫৬৯৪৯৩০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে নভোএয়ারের যাত্রীদের।
