ইসলামী ব্যাংক ও বিডার সেবা চুক্তি
ইসলামী ব্যাংক বাংলাদেশ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মধ্যে অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংকিং সেবা দিতে চুক্তি সই হয়েছে।
ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ ও বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় রোববার এই সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তির আওতায় ইসলামী ব্যাংক অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে দেশী-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ অন্যান্য ব্যাংকিং সেবা দেবে।
এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহাপরিচালক নিখিল কুমার দাস, নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভূঁইয়া ও আহমেদ জোবায়েরুল হক উপস্থিত ছিলেন।
