‘পোশাক খাতের উন্নয়নে’ অংশ নিতে চায় আইএমএফ
বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে সহায়তা করার আগ্রহ জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সংগঠনটির আবাসিক প্রতিনিধি (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগ) জায়েনডু ডি রোববার গুলশানে বিজিএমইএ কার্যালয়ে এই আগ্রহের কথা তুলে ধরেন বলে সভাপতি ফারুক হাসান জানান।
প্রথমে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের অবদানের কথা তিনি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে সামাজিক-অর্থনৈতিক খাতে যে লক্ষ্যণীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেটিই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্য করেছে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার বিষয়ে আইএমএফের আগ্রহের কথা আইএমএফ প্রতিনিধি জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তিনি বলেন, ডিসেম্বরে জাতিসংঘের বিশেষ সংস্থা, আইএমএফের একটি উচ্চ পর্যাযের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবেন। বিজিএমইএর সঙ্গে আলোচনায় বসা ও তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধি ও উন্নয়নে আইএমএফ কীভাবে কোন কোন ক্ষেত্রে সহায়তা করতে পারে তা অনুসন্ধান করবে।
এদিকে একইদিন ঢাকায় নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন বিজিএমইএ সভাপতির সঙ্গে সাক্ষাত করেন।
বাংলাদেশের পোশাক শিল্পের উন্নতির জন্য বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও তারা আলোচনা করেন।
বিজিএমইএর সহ সভাপতি শহিদউল্লাহ আজিম ও মিরান আলী এসব বৈঠকে উপস্থিত ছিলেন।
