২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ভারতের আরও বিনিয়োগের সুযোগ রয়েছে: দোরাইস্বামী

বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ যথেষ্ট নয় বলে মনে করেন দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2021, 11:38 PM

Updated : 02 Aug 2022, 06:16 PM

তার মতে, বাণিজ্যের অন্যতম সহযোগী দেশ হিসেবে বাংলাদেশে ভারতীয় কোম্পানিগুলোর আরও বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

রোববার অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের নিয়ে গুলশানে ভা্রতীয় দূতাবাসে এক আলোচনা অনুষ্ঠানে দ্বিপক্ষীয় বাণিজ্যের নতুন সম্ভাবনা উন্মোচনের গুরুত্ব তুলে ধরেন দোরাইস্বামী।

তিনি বলেন, “যে কোনো সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করে একসাথে ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধি ও উন্নতির করার ওপর। উন্নত দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে তাকালে আমরা এটাই দেখতে পাই।”

বাংলাদেশে এখন ভারতের তিন বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ থাকার তথ্য উল্লেখ করে দোরাইস্বামী বলেন, “এটা মোটেও যথেষ্ট নয়। এই বিনিয়োগ আরও অনেক দূর এগিয়ে নেওয়ার সুযোগ-সম্ভাবনা দুটোই রয়েছে।”

তিনি মনে করেন, বাংলাদেশের প্রধান বাণিজ্যিক সহযোগী দেশ হওয়া উচিৎ ভারতের। তা ইতিহাস, সংস্কৃতি কিংবা ভৌগলিক অবস্থানগত কারণেই।

যৌথ অর্থনৈতিক কর্মকাণ্ড, পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ, বিশেষ করে অবকাঠামো খাতে বিনিয়োগ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে বলেও মনে করেন ভারতীয় হাই কমিশনার।

আলোচনা অনুষ্ঠানে দ্বিপক্ষীয় বাণিজ্যের নানা দিক নিয়ে উপস্থাপনা দেন হাই কমিশনের কমার্শিয়াল অফিসার প্রামায়েশ বাসাল।

তিনি বলেন, বিডার তথ্য অনুযায়ী বাংলাদেশে ভারতীয় বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৫৫ বিলিয়ন। এখনও বাংলাদেশ ভারতের কোম্পানিগুলো বিদ্যুৎ ও জ্বালানি খাতে যৌথভাবে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য চুক্তি করে রেখেছে।

বর্তমানে ৩৫৫টি ভারতীয় কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে জানিয়ে বাসাল বলেন, মোংলা ও মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলগুলো চূড়ান্তভাবে উৎপাদনে যাওয়ার মানে হচ্ছে আরও বেশি ভারতীয় কোম্পানি এখানে বিনিয়োগ নিয়ে যুক্ত হওয়া।

সাম্প্রতিক সময়ে রেল, স্থালবন্দর, নদীবন্দর ও আকাশ পথে যোগাযোগ ব্যবস্থার উন্নতির চিত্র তুলে ধরে তিনি বলেন, সব সম্ভাবনা কাজে লাগালে ভারতে বাংলাদেশের রপ্তানি ১৮২ শতাংশ এবং বাংলাদেশে ভারতের রপ্তানি ১২৬ শতাংশ বাড়তে পারে।

“যোগাযোগ ব্যবস্থার পূর্ণাঙ্গ উন্নতি করতে পারলে ভারতে বাংলাদেশের বিনিয়োগ ২৯৭ শতাংশ এবং বাংলাদেশে ভারতের বিনিয়োগ ১৭২ শতাংশে উন্নীত করা সম্ভব।”

অনুষ্ঠানে দুই দেশের রেল যোগাযোগের প্রাচীন পর্ব, বর্তমান অবস্থা এবং ভবিষ্যত সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা করেন হাই কমিশনের রেলওয়ে উপদেষ্টা আনিতা বারিক।