সঙ্কটে পড়া মানুষের দুয়ারে খাবার পৌঁছে দেবে প্রাণ
করোনাভাইরাস মহামারীর মধ্যে সঙ্কটে পড়া মানুষের দুয়ারে খাবার পৌঁছে দিতে একটি কর্মসূচি হাতে নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য সঙ্কটে পড়া যে কেউ ০২২২২২৮১৭৯২ নম্বরে ফোন করলে তার বাসায় জরুরি খাদ্য পৌঁছে যাবে।
‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির আওতায় ‘আহার হবে সবার ঘরে’ শিরোনামে এ উদ্যোগ নেওয়ার কথা কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন দুর্যোগে অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের সহায়তার জন্যই তাদের এ কর্মসূচি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে গত বছরের মার্চ থেকে মহামারীতে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তা ও হাসপাতালগুলোতে সুরক্ষা সামগ্রী দিচ্ছে তারা।
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, “এ উদ্যোগটি বিশেষ করে তাদের জন্য, যারা করোনায় কাজ হারিয়ে সঙ্কটের মধ্যে আছেন। আমাদের সমাজে এমন অনেকেই আছেন, যারা এক সময় স্বাবলম্বী ছিলেন, কিন্তু করোনার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
“তাদের এই মুহূর্তে খাদ্য সহায়তা দরকার, কিন্তু প্রকাশ্যে চাইতে পারছেন না। আমাদের আহ্বান, তারা যেন নিঃসঙ্কচে আমাদের নম্বরে ফোন দেয়। আমরা তাদের পরিচয় গোপন রেখে বাসায় খাবার পৌঁছে দেব।”
এ উদ্যোগের মাধ্যমে আলাদাভাবে দেশের বিভিন্ন জেলার দরিদ্র মানুষের হাতেও সরাসরি খাদ্য সহায়তা তুলে দেওয়া হবে বলে জানান ইলিয়াছ মৃধা।
প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার সংবাদ সম্মেলনে জানান, সহায়তা পেতে নির্ধারিত ফোন নম্বর ছাড়াও ই-মেইল করা যাবে crd@prangroup.com এই ঠিকানায়।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
