২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফাস্ট ফুডের চেইন আনল প্রাণ-আরএফএল

দেশের বাজারে এবার যাত্রা শুরু করলো ফাস্ট ফুডের নতুন রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2021, 07:29 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

ফ্রাইড চিকেনসহ বিভিন্ন ধরনের মজাদার ফাস্ট ফুড ভোক্তাদের কাছে সরাসরি পরিবেশনের জন্য এই ফাস্ট ফুড ব্র্যান্ডটি এনেছে খাদ্যপণ্য প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির সাতমসজিদ রোডের নিলু স্কয়ারে ফ্রাই বাকেটের প্রথম শোরুম উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।

অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, “দেশে এখন ফাস্ট ফুড ও বিনোদনপ্রেমীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এছাড়া পরিবারকে সময় দেওয়ার জন্য অনেকে ফাস্ট ফুড কেন্দ্রিক বড় বড় রিটেইল চেইনগুলো বেঁছে নিচ্ছেন। এ কারণে বৈশ্বিক অনেক ফাস্ট ফুড ব্র্যান্ড বাংলাদেশে ভাল করছে। আমরা বিশ্বাস করি, ‘ফ্রাই বাকেট’ ব্র্যান্ডটি খুব শিগগিরি জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাবে।”

তিনি আরও বলেন, “ভোক্তারা যেন ‘ফ্রাই বাকেট’ শোরুম থেকে সর্বোচ্চ সেবা ও গুণগতমানের পণ্য পেতে পারেন সেজন্য আমাদের নিরলস চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের বিশ্বাস, ভোক্তাদের ভালবাসা আমাদের এতোদূর নিয়ে এসেছে এবং আগামীতে তাদের সাথে নিয়ে আমরা অনেক পথ পাড়ি দেব।”

ফ্রাই বাকেটের হেড অব বিজনেস ইব্রাহিম খলিল বলেন, “আমারা আগামীতে ১০০ শোরুম চালু করব।  আমরা প্রথমে ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে ফ্রাই বাকেট এর শোরুম বাড়ানোর পরিকল্পনা নিয়েছি। এরপর জেলা শহরগুলোতে যাব। এভাবে সারাদেশে আমাদের আউটলেট চালুর মাধ্যমে সব শ্রেণির কাছে যেতে চাই। পরবর্তী লক্ষ্য সুযোগ হলে দেশের বাইরে প্রতিবেশি দেশসহ অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে পড়া।”

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও ফ্রাই বাকেট এর ব্র্যান্ড ম্যানেজার বোরহান উদ্দিনসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।