২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিজ মোহাম্মদ ভাইর ব্যাংক হিসাব জব্দ

পাওনা টাকা না পেয়ে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2021, 05:40 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

Image
আজিজ মোহাম্মদ ভাই

আজিজ মোহাম্মদ ভাই

আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন এমবি ফার্মাসিউটিক্যালসের কাছে মূল্য সংযোজন কর (মূসক) হিসেবে ২ কোটি ৯ লাখ টাকা না পেয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমবি ফার্মাসিউটিক্যালস ঢাকা দক্ষিণের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন।

এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, পাওনা পরিশোধে এমবি ফার্মাসিউটিক্যালসকে কয়েকবার তাগাদা দিলেও তারা পরিশোধ করেনি। তাই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মালিক হিসেবে আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক একাউন্ট জব্দ করার নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা দক্ষিণের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত কমিশনারেট প্রমীলা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি মাসের ৫ তারিখ আমরা এই চিঠি দিয়েছিলাম। এরপর আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে, এখন এই প্রতিষ্ঠানটি কর্মকর্তারাই পরিচালনা করছেন। কিন্তু আইন অনুযায়ী আমরা মালিকের একাউন্ট জব্দ করার নির্দেশনা পাঠাই।

“এরপর প্রতিষ্ঠানটি তাদের কাছ থেকে পাওনার অনেক টাকাই পরিশোধ করেছে।  আর মনে হয় ১ কোটি ২৭ লাখ টাকা পর্যন্ত পাওনা আছে। বাকি টাকাও তারা পরিশোধ করবে বলে আমাদের জানিয়েছে।”

সব টাকা পরিশোধ করলে একাউন্ট সচল করে দেওয়া হবে বলে জানান তিনি।

আজিজ মোহাম্মদ ভাইর বাড়িতে মদ-ক্যাসিনো সামগ্রী উদ্ধার

আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেপ্তারে পরোয়ানা  

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এমবি ফার্মাসিউটিক্যালসের মালিক আজিজ মোহাম্মদ ভাইর পরিচিতি বেশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেই, এমবি ফিল্মসের কর্ণধার হওয়ায়।

তবে চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সালমান শাহ হত্যামামলায় জড়িয়ে পড়া আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন ধরে দেশে ফিরছেন না।

এছাড়াও শেয়ার কেলেঙ্কারির এক মামলায় ২০১৮ সালে আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনাল। তার আগ থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন। তার স্ত্রী নওরীন আজিজ দেশে এসে ব্যবসা দেখাশোনা করেন।