২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গমাতার জন্মদিনে ‘নগদ’র মাধ্যমে ২ হাজার নারীকে প্রধানমন্ত্রীর উপহার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দুস্থ নারীদের দুই হাজার টাকা করে যে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা ২ হাজার জনের কাছে গেছে নগদ’র মাধ্যমে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 09:26 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

ডাক বিভাগের মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

রোববার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান আয়োজন করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি তাতে যুক্ত থেকে দুস্থ নারীদের উপহারের অর্থ দেন।

অনুদানের টাকা পাঠানোর ক্ষেত্রে পুরো খরচ বহন করেছে ‘নগদ’। এক্ষেত্রে প্রতিজন দুস্থ নারী তাদের প্রাপ্ত দুই হাজার টাকা ক্যাশ আউট করার চার্জ হিসেবে অতিরিক্ত ৩০ টাকা করে নিজেদের ‘নগদ’ অ্যাকাউন্টে পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দুস্থ নারীর সংখ্যা নির্ধারণ এবং বাছাইয়ের পুরো কাজ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা।

বঙ্গমাতার জন্মদিনে এমন একটি উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে গোটা ‘নগদ’ পরিবার গর্বিত বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

তিনি বলেন, “সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিয়ে ‘নগদ’ সব সময় জনবান্ধব সব সেবা দিয়ে আসছে। ‘নগদ’ সব সময়ই জনহিতকর এসব কাজে সরকারের পাশে দাঁড়াচ্ছে।”