কোভিড-১৯: ৮৩ হাজার পরিবারের পাশে ব্র্যাক ও গ্রামীণফোন
করোনাভাইরাস মহামারীর মধ্যে আর্থিক সংকটে থাকা দারিদ্র্যসীমার নীচে বাস করা ৮৩ হাজারের বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেবে ব্র্যাক ও গ্রামীণফোন ।
শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে ব্র্যাক ও গ্রামীণফোনের যৌথ সংবাদ সম্মেলনে এই সামাজিক সহায়তার ঘোষণা দেওয়া হয়।
প্রতিটি পরিবারকে দেড় হাজার টাকা সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়া হবে। এজন্য ব্রাকের সাড়ে সাত কোটি টাকা ও গ্রামীণফোনের পাঁচ কোটি টাকা ব্যয় হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্র্যাকের ভাগে ৫০ হাজার ও গ্রামীণফোনের ভাগে পড়বে ৩৩ হাজার পরিবার। এদের বাছাইয়ে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী বা স্তন্যদানকারী নারী, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, নারী নেতৃত্বাধীন পরিবার, অতিদরিদ্র ব্যক্তি এবং যারা অন্য কোনো জায়গা থেকে সহায়তা পাচ্ছেন না তারাই প্রাধান্য পাবে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান ও ব্র্যাকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তুষার ভৌমিক অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার।
‘ডাকছে আমার দেশ’ কর্মসূচির মাধ্যমে গত বছরও প্রতিষ্ঠান দুটি দুই লাখ পরিবারকে দেড় হাজার টাকা দিয়েছিল।
এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক অন্যান্য অংশীদারদের অংশগ্রহণে আরও ১ লাখ ৬৫ হাজার মানুষের কাছে পৌঁছাতে ও তাদের সহায়তা দিতে সক্ষম হয়।
