ইভ্যালির টি১০: অগ্রিম ১০% পরিশোধে মিলবে পণ্য
মাত্র ১০ শতাংশ মূল্য অগ্রিম পরিশোধে আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি থেকে কেনা যাবে পণ্য ও সেবা।
অর্ডার দেওয়ার ১০ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। এরপরই গ্রাহক পরিশোধ করবেন বাকি ৯০ শতাংশ মূল্য।
বাণিজ্য মন্ত্রণালয়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ক্যাম্পেইন টি১০ নামের নতুন এই অফার চালু করা হয়েছে বলে বুধবার ইভ্যালির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহে দীর্ঘ বিলম্বে গ্রাহক ভোগান্তি নিয়ে ইভ্যালিসহ বেশ কয়েকটি ই-কমার্স কোম্পানি গত কয়েক মাস ধরে ব্যাপক সমালোচনার মধ্যে রয়েছে।
এমন প্রেক্ষাপটে অগ্রিম টাকা নিয়ে পণ্য বিপণনের ব্যবসায় কড়াকড়ি আনার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এর অংশ হিসেবে এসওপি অনুসরণসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
ইভ্যালির নতুন অফারে বলা হয়েছে, নতুন এসওপির আলোকে এবং গ্রাহকদের অব্যাহত চাহিদার কথা সামনে রেখে নতুন আঙ্গিকে আরও আকর্ষণীয় অফার এবং সেবা নিয়ে টি১০ ক্যাম্পেইন সাজানো হয়েছে।
এই ক্যাম্পেইন চলবে প্রতি শুক্রবার ঠিক রাত ১০টা ১০ মিনিটে। যে কোনো পণ্য বা সেবার ঘোষিত (মূদ্রিত) মূল্যের শুধু ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাকি মূল্য ক্যাশ অন ডেলিভারিতে (সিওডি) অর্থাৎ পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন গ্রাহক।
এই ক্যাম্পেইনের আওতায় পণ্য ডেলিভারি পাওয়া যাবে মাত্র ১০ দিনে।
টি১০ ক্যাম্পেইন বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, “আমাদের ওপর গ্রাহকের আস্থা এবং বিশ্বাসই পথচলার প্রেরণা।
“সেই বিশ্বাসের বন্ধনকে আরও শক্তিশালী করতে এবং গ্রাহকের ই-শপিং অভিজ্ঞতায় নতুন মাত্রা দিতেই আমরা নিয়ে এসেছি টি১০ ক্যাম্পেইন।“
