২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআইর বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন্দ্র উদ্বোধন

দায়িত্ব পালনের শেষ দিকে এসে এফবিসিসিআই বিকল্প বিরোধ নিষ্পত্তি সেন্টার (এডিআর সেন্টার) ও এফবিসিসিআই ইন্সিটিউটের উদ্বোধন করলেন বিদায়ী সভাপতি শেখ ফজলে ফাহিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2021, 12:16 AM

Updated : 02 Aug 2022, 05:50 PM

বুধবার ভার্চুয়াল অনুষ্ঠানে নতুন দুটি সেবার উদ্বোধন ঘোষণা করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

অনুষ্ঠানে শেখ ফাহিম বলেন, এডিআর সেন্টারটি চালু করা হলেও মহামারীর কারণে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য এতোদিন অপেক্ষার পর অবশেষে লকডাউনের কারণে ভার্চুয়াল মাধ্যমেই উদ্বোধন করতে হলো।

“এডিআর সেন্টারের লক্ষ্য হল অল্প খরচে অল্প সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা। বিভিন্ন দেশের সাথে এলসি নেগসিয়েশন, এলসি পেমেন্ট সমস্যাসহ দ্বিপাক্ষিক বাণিজ্যের অন্যান্য সমস্যাগুলো নিষ্পত্তি করার একটি প্রতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠা করা হলো এই সেন্টারের মাধ্যমে।”

সাবেক এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এফবিসিসিআই ইন্সটিটিউট এবং এফবিসিসিআই এডিআর সেন্টারের কাজের সূচনা করে গিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, “বর্তমান এফবিসিসিআই বোর্ড ২০১৯-২০২১ এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে।”

অনুষ্ঠানে এডিআর সেন্টারের ভৌত অবকাঠামোর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এফবিসিসিআই ইন্সটিটিউট এবং এফবিসিসিআই এডিআর সেন্টার প্রতিষ্ঠা একটি মহতী উদ্যোগ। পরবর্তী নেতৃত্ব এসব মহতী উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এরই সাথে বাংলাদেশের বিজিনেস কমিউনিটি আন্তর্জাতিকভাবে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।